
শেষ আপডেট: 29 November 2023 15:48
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকেই ছুড়েছিল একের পর এক গুলি। নিজের দাদু, ঠাকুমা, কাকাকে খুন করার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হলেন ভারতীয় তরুণ। ২৩ বছরের ওই ছাত্র তাঁর পরিবারের তিন সদস্যকে গুলি করে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ ও মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ। প্রতিবেশীদের অভিযোগ, সেই সময়েই তাঁরা ওই বাড়ি থেকে গুলি চালানোর শব্দ শুনতে পান। প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদের উদ্ধার করে। ঘটনাটিতে অভিযুক্ত ২৩ বছরের ওম ব্রহ্মভাট। গুজরাত থেকে যাওয়া ওই তরুণ মার্কিন মুলুকে ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে থাকতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম দিলীপকুমার ব্রহ্মভাট ও বিন্দু ব্রহ্মভাট। ঘটনাস্থলেই তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বৃদ্ধ দম্পতির ছেলে বছর আটত্রিশের যশকুমারকেও ঘরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর শরীরেও বেশ কয়েকটি বুলেট গিঁথে ছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তদন্ত শুরু করতেই ওম ব্রহ্মভাটকে ঘিরে পুলিশের সন্দেহ ঘনায়। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ। যে আগ্নেয়াস্ত্র দিয়ে অভিযুক্ত তাঁর পরিবারের সদস্যদের খুন করে সেটিও উদ্ধার করা হয়েছে। তরুণ ওই বন্দুক অনলাইনে কিনেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
খুনের কারণ এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীদের দাবি, এর আগেও ওই পরিবারে নানা কারণে অশান্তি দেখা গিয়েছিল। এবারও তেমনই কোনও অশান্তি থেকেই খুনের ঘটনা ঘটেছে কিনা সেবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।