ফাইল ছবি
শেষ আপডেট: 29 December 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ঘটে গেল মর্মান্তিক বিমান দুর্ঘটনা। জেজু এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ বিমান, যেটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে মুয়ানের উদ্দেশে আসছিল, সেটি দুর্ঘটনার শিকার হয়। বিমানে থাকা ১৮১ জন যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দু'জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও বাকিদের নিয়ে আশঙ্কা বাড়ছে।
দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রানওয়েতে অবতরণের সময় বিমানটির চাকা না খোলায়, তার নিচের অংশ মাটিতে ঘষে যায় এবং পরে বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। বোঝা যাচ্ছে, অবতরণের সময় বিমানের ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে কাজ না করায় এটি 'বেলি ল্যান্ডিং' করতে বাধ্য হয়।
দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলট যখন অবতরণ করার চেষ্টা করেন, তখন বিমানের চাকা ঠিক করে কাজ করেনি।
⚡️DRAMATIC moment South Korean plane with reported 180+ passengers becomes a fireball and crashes at airport CAUGHT on cam pic.twitter.com/VdrdavEXgT
— RT (@RT_com) December 29, 2024
তবে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন পাইলট ও অন্যান্য বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন কেন বিমানটির গতি এত বেশি ছিল এবং কেন ফায়ার সার্ভিসের দল রানওয়ের কাছে প্রস্তুত ছিল না? তাছাড়া এটা যদি বেলি ল্যান্ডিং হয়ে থাকে, তাহলে তো এটার আগে থেকেই পরিকল্পনা থাকবে।
মুয়ানের দমকল বিভাগের প্রধান লি জং-হিউন জানিয়েছেন, খারাপ আবহাওয়াও এই দুর্ঘটনার জন্য আংশিকভাবে দায়ী। তিনি বলেন, 'পাখির সঙ্গে ধাক্কা ও খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে যৌথ তদন্তের পর সঠিক সঠিক কারণ জানা যাবে।'