
শেষ আপডেট: 2 January 2024 10:39
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিনেই জাপানে ভয়ঙ্কর বিপর্যয়। একদিনে ১৫৫ বার কাঁপল জাপান। ভূমিকম্প-সুনামির দাপটে টোকিও-সহ একাধিক শহরের তছনছ অবস্থা। ২৪ ঘণ্টা পরও এখনও কাটেনি আতঙ্ক। বরং রাতভোর সুনামির ঢেউ আছড়ে পড়েছে ইশিকাওয়া, নিগাটা ও তোয়ামা উপকূলে। হয়েছে ভূমিকম্পের আফটার শকও।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৫৫টি আফটার শক হয়েছে। সময় যত এগোচ্ছে, ততই বেড়ে চলেছে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। মঙ্গলবার সকাল পর্যন্ত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন। বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
ভূমিকম্পের ফলে মুহুর্তে মাটির সঙ্গে মিশে গেছে একাধিক বহুতল। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর নির্মাণ। নেটদুনিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। একাধিক ভিডিওতে স্থানীয়রা নিজের নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অনেকেই দাবি করেছেন, অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। কিছু ভিডিওতে দোলনার মতো বাড়িঘর দুলতে দেখা গিয়েছে।
ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, সোমবারের ভূমিকম্পে মৃত্যু হয়েছে বহু মানুষের, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। জোরকদমে উদ্ধারকাজ চলছে। কিন্তু, রাস্তাঘাটে এমনভাবে ধস, ফাটল হয়েছে যে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছতে সমস্যা হচ্ছে সেনার। সোমবার রাত পর্যন্ত প্রায় ১ লক্ষ মানুষকে সরানো হয়েছে।
এখনও পর্যন্ত জাপানে প্রায় ১ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ৩৩ হাজার বাড়িতে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তবে মঙ্গলবার সকাল থেকে সুনামির তীব্রতা কমবে বলে জেএমও সূত্রের খবর। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।