
শেষ আপডেট: 10 November 2023 08:53
দ্য ওয়াল ব্যুরো: ফের অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে খুন আরও এক জঙ্গি প্রধান! সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এলইটি প্রধান কমান্ডার আকরাম গাজিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গুলি করে হত্যা করল অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা।
সূত্রের খবর, শনিবার গভীর রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকা দিয়ে বাইকে করে যাচ্ছিল গাজি। সেই সময়ই চলন্ত বাইক থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় অজ্ঞাত পরিচিত কয়েকজন। ঘটনার জেরে পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলির মধ্যে ছড়িয়েছে তীব্র উত্তেজনা।
ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তানের এজেন্সিগুলি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই লস্করের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। তারই জেরে গাজির হত্যাকাণ্ড। তবে এলইটি প্রধান কমান্ডারের মৃত্যুর জেরে লস্কর এবং তাদের মূল সংগঠন আইএসআইয়ের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়োগের প্রধান দায়িত্বে ছিল গাজি। কাশ্মীরে অনুপ্রবেশকারী ব্যক্তিদের উগ্রবাদী করার ভূমিকা পালন করেছিল সে।
সূত্রের খবর, আকরাম গাজি ছিল লস্কর-ই-তৈবার প্রধান কমান্ডার। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে গাজির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থার। সংবাদ সংস্থা সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্তে ভয়াবহ জঙ্গি নাশকতার প্রধান মাস্টার মাইন্ড ছিল এই গাজি। সূত্রের খবর, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই নিয়ে লস্করের প্রধান তিন কমান্ডারের মৃত্যু ঘটল।
এর আগে গত সেপ্টেম্বরে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একটি মসজিদের ভিতরে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছিল লস্করের আর এক কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিমকে। ধংরি সন্ত্রাসী হামলার পিছনে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত ছিল এই রিয়াজ। জম্মুর বাসিন্দা রিয়াজ ৯৯ সালে সীমান্ত টপকে পাকিস্তানে যায়। অচিরেই জঙ্গিগোষ্ঠীর তালিম নিয়ে সে হয়ে উঠেছিল জঙ্গি সংগঠনের অন্যতম কামান্ডার।
এরও আগে গত মার্চ মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অজ্ঞাত আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল নিষিদ্ধ হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার বশির আহমেদ পিয়ার ওরফে ইমতিয়াজ আলমের। বশিরের আদি বাড়ি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়। ১৫ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে কাশ্মীরে আল-কায়েদার শাখা আনসার গাজওয়াত-উল-হিন্দের প্রধান কমান্ডার জাকির মুসাকে ২০১৯ সালে মে মাসে হত্যা করার অভিযোগ আনা হয়েছিল।