পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর কয়েকদিন পর রবিবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল নিরাপত্তাবাহিনী।
3.png)
৩ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।
শেষ আপডেট: 27 April 2025 10:42
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর কয়েকদিন পর রবিবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল নিরাপত্তাবাহিনী। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের মেলহুরা এলাকায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (TRF) সন্ত্রাসবাদী আদনান শফি দারের দুই তলা বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। TRF পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইবা সংগঠনের একটি শাখা বলে মনে করা হয়।
পুলওয়ামার দারামদোরা এলাকায় আরেক সন্ত্রাসবাদী আমির নাজিরের বাড়িও ভেঙে দেওয়া হয়। পাশাপাশি, ২০১৭ সাল থেকে পাকিস্তানে পলাতক জামীল আহমেদের বাবার বাড়ি ধ্বংস করে নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত কাশ্মীর উপত্যকায় মোট নয়জন সন্ত্রাসবাদীর বাড়ি ভেঙে ফেলা হয়েছে।
পহেলগাম হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত উত্তেজনা বাড়তে থাকে। রাতের অন্ধকারে নওগাম এবং উরি সেক্টরে নতুন করে সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে। রামপুর উরি ও নওগামের তুতমারগলি এলাকায় পাকিস্তানি সেনাদের গুলির পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।
এক বিবৃতিতে ভারতীয় সেনা জানায়, "২৬-২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনা তুতমারগলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে অকারণে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। আমাদের বাহিনীও যথোপযুক্ত পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়।"
পহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। এদিকে সন্ত্রাসবাদীদের গুলিতে গুরুতর আহত হওয়া এক সমাজকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে বারামুল্লার কাণ্ডি খাস এলাকায় নিজের বাড়িতেই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হন ৪৫ বছরের গুলাম রসুল মাগরাই। রবিবার তাঁর মৃত্যু হয়। শনিবার পুলিশ কাশ্মীর উপত্যকায় সক্রিয় ১৪ জন স্থানীয় সন্ত্রাসবাদীর একটি তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে নয়জন দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে।