অক্টোবর মাসে ঘটছে পাঁচটি প্রধান গ্রহের বিরল মহাগোচর—বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতি ও মঙ্গল। এই মহাজাগতিক পরিবর্তন কীভাবে প্রভাব ফেলবে আপনার কর্মজীবন, অর্থ ও সম্পর্কের উপর, জানুন বিস্তারিত।

শেষ আপডেট: 29 October 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: অক্টোবর মাসেই মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা—একসঙ্গে পাঁচটি প্রধান গ্রহের অবস্থান পরিবর্তন। জ্যোতিষশাস্ত্রে যাকে বলা হচ্ছে ‘মহাগোচর’। এই বিরল ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কারণ, বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতি এবং মঙ্গল—এই পাঁচ গ্রহের যুগপৎ রাশি পরিবর্তন নাকি অনেক রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারও জীবনে নতুন সুযোগের দুয়ার খুলে যাবে, আবার কেউ পড়বেন পরীক্ষার মুখে। বিশেষজ্ঞদের মতে, কিছু রাশির জাতকদের এই সময়ে বিশেষ সতর্ক থাকা দরকার।
গ্রহের বিশেষ অবস্থান ও তাৎপর্য
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৫ সালের অক্টোবর মাস মহাজাগতিক দিক থেকে এক বিশেষ সময় হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ এই মাসে একসঙ্গে পাঁচটি প্রধান গ্রহ রাশি পরিবর্তন করবে। বহু বছর পর এমন ‘মহাগোচর’ দেখা যাবে। বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতি ও মঙ্গলের সম্মিলিত গতিবিধি মানুষের কর্মজীবন, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত সম্পর্কের উপর বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন জ্যোতিষীরা। এই সময় অনেকের কর্ম ও খ্যাতি পরীক্ষার মুখে পড়বে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, ভুল বোঝাবুঝি এবং ক্ষমতার দ্বন্দ্বের আশঙ্কাও রয়েছে। তবে, একইসঙ্গে নতুন সুযোগ, উন্নতি ও সামাজিক স্বীকৃতির যোগও তৈরি হতে পারে।
কোন কোন গ্রহের গোচর এবং কবে
অক্টোবরের গোচরগুলির সময়ক্রম এমন—
২-৩ অক্টোবর: বুধ কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। বুদ্ধি, যোগাযোগ ও বিশ্লেষণের গ্রহ বুধের এই পরিবর্তন চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে নতুন প্রভাব আনবে।
৯ অক্টোবর: প্রেম, সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে, যা তার দুর্বল অবস্থান। ফলে আবেগের পরিবর্তে বাস্তবতাবোধ জোর পাবে।
১৭ অক্টোবর: আত্মমর্যাদা ও কর্তৃত্বের প্রতীক সূর্য তুলা রাশিতে প্রবেশ করে দুর্বল হবে। নেতৃত্ব বা স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কিছু বাধা দেখা দিতে পারে।
১৮ অক্টোবর: জ্ঞান ও ভাগ্যের গ্রহ বৃহস্পতি কর্কট রাশিতে গমন করে ‘হংস রাজযোগ’ তৈরি করবে—যা সৌভাগ্য, শিক্ষার উন্নতি ও আত্মিক শক্তি বৃদ্ধির সূচনা করবে।
২৭ অক্টোবর: শক্তি, সাহস ও উদ্যমের প্রতীক মঙ্গল নিজ রাশি বৃশ্চিকে প্রবেশ করবে। এই গোচর যেমন শক্তিশালী, তেমনই বিস্ফোরকও হতে পারে।
কর্মজীবন ও অর্থনৈতিক প্রভাব
এই পাঁচটি গ্রহের যুগপৎ পরিবর্তন কর্মজীবন ও আর্থিক অবস্থায় বড় প্রভাব ফেলবে। দশম স্থান বা কর্মক্ষেত্রের যোগফল অনুযায়ী, অনেকেই কর্মচাপে ভুগতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা ক্ষমতার দ্বন্দ্ব বাড়তে পারে।
বুধ ও সূর্যের দুর্বল অবস্থান যোগাযোগে বিভ্রান্তি আনবে, তাই কথাবার্তা বা ই-মেইলে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রের দুর্বলতা গ্ল্যামারের পরিবর্তে বাস্তবতায় মনোযোগ টানবে, আর মঙ্গলের গোচর কর্মক্ষেত্রে চাপ ও প্রতিযোগিতা বাড়াবে।
তবে আশার দিকও রয়েছে। বৃহস্পতির ‘হংস রাজযোগ’ নতুন সুযোগ, আর্থিক উন্নতি ও সামাজিক সম্মান এনে দেবে কিছু রাশির জাতকদের জন্য। সূর্য-বুধের মিলনে ‘বুধাদিত্য রাজযোগ’ তৈরি হবে, যা প্রশাসনিক পদ, যোগাযোগ ও প্রযুক্তি-নির্ভর কাজে সাফল্য আনতে পারে।
চাকরিজীবীরা বোনাস বা ইনসেনটিভ পেতে পারেন, ব্যবসায়ীরা নতুন চুক্তি বা লাভজনক বিনিয়োগের সুযোগ পাবেন।
যেসব রাশি থাকবে সতর্কতার তালিকায়
এই বিরল মহাগোচর সব রাশির উপরই প্রভাব ফেলবে, তবে নিম্নলিখিত রাশিগুলিকে বাড়তি সতর্ক থাকতে হবে—
বৃষ (Taurus): অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ও সংযম বজায় রাখা প্রয়োজন।
কর্কট (Cancer): আবেগপ্রবণতা বাড়বে। ব্যয় নিয়ন্ত্রণ করুন, দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন।
তুলা (Libra): আর্থিক ওঠানামা হতে পারে। কেরিয়ারে উন্নতি হলেও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন।
ধনু (Sagittarius): ব্যয় ও স্বাস্থ্যের দিকে নজর রাখুন। মানসিক স্থিরতা বজায় রাখা জরুরি।
মিথুন (Gemini): মানসিক চাপ ও আর্থিক ব্যবস্থাপনায় বুদ্ধি খাটান। অন্যের কথায় প্রভাবিত না হওয়াই শ্রেয়।
মেষ (Aries): কাজের প্রতি উদ্যম ধরে রাখুন। চুক্তি ও বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন। পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন।
বৃশ্চিক (Scorpio): কর্মফল ইতিবাচক হলেও ব্যয় বৃদ্ধি পাবে। ধৈর্য বজায় রাখুন এবং সিদ্ধান্তে স্থির থাকুন।
কীভাবে কাটাবেন এই সময়
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্ত থাকা এবং চিন্তা করে কথা বলা। কর্মক্ষেত্রে বিতর্ক বা বিবাদ এড়িয়ে চলুন। অহংকার ও ভুল যোগাযোগ সম্পর্ক নষ্ট করতে পারে, তাই সংযমী হন। স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। নিয়মিত প্রার্থনা, ধ্যান ও আত্মসমালোচনা ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে গবেষণা, জ্যোতিষ, মনোবিজ্ঞান বা গুপ্তবিদ্যা-সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অত্যন্ত শুভ। সবশেষে মনে রাখবেন, গ্রহ-নক্ষত্র প্রভাব ফেললেও আপনার কর্ম ও মনোভাবই আপনার ভাগ্য নির্ধারণ করে।