কেরিয়ারের শিখরে দাঁড়িয়ে জাকির খানের (Zakir khan health issues career break) এই সরে দাঁড়ানো এক স্পষ্ট বার্তা দেয়, মানসিক স্থিতি ছাড়া দীর্ঘমেয়াদি সাফল্য সম্ভব নয়।

শেষ আপডেট: 22 January 2026 15:46
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই মঞ্চ থেকে দীর্ঘ বিরতির ঘোষণা করে ভক্তদের চমকে দিয়েছেন জাকির খান (Zakir Khan)। এই মুহূর্তে নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডির (Zakir Khan Stand Up Comedy) অন্যতম জনপ্রিয় মানুষটি ইঙ্গিত দিয়েছেন, তাঁর এই বিরতি ২০৩০ সাল পর্যন্তও গড়াতে পারে (Zakir khan health issues career break)।
খবরটি অনেক অনুরাগীকে হতাশ করলেও, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Mental Health experts) এই সিদ্ধান্তকে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন। তাঁদের মতে, জাকিরের মতো একজন ব্যক্তিত্বের জনসমক্ষে মানসিক ও আবেগগত আত্মসচেতনতা মানুষের কাছে এক দৃষ্টান্ত (Mental health awareness) হয়ে উঠবে।
'আলোয়' থাকার অদৃশ্য মূল্য
বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালের সাইকিয়াট্রি কনসালট্যান্ট অনীতা চন্দ্র এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, ''জাকির খানের মতো 'হাই-পারফর্মার' মানুষের ক্ষেত্রেও এমন হঠাৎ সিদ্ধান্ত কখনও কখনও অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। জনসমক্ষে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সব সময় ‘অন’ থাকার চাপ প্রবল (Celebrity Stress)। বিশেষ করে সৃজনশীল পেশায় থাকা মানুষদের এমন কিছু মানসিক বাধার (Burnout) মুখে পড়তে হয়, যা সাধারণত জনসমক্ষে ধরা পড়ে না।''
প্রাসঙ্গিক থাকতে হবে, মানুষকে বিনোদন দিতে হবে - এই দায়বদ্ধতার চাপে অনেক সময় কমেডিয়ানদের নিজের ব্যক্তিগত লড়াই আড়াল করে হাসি উপহার দিতে হয়।
ডা. চন্দ্র বলেন, “মানসিক স্বাস্থ্যের দিকে মন দিতে জাকির খানের কমেডি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি অত্যন্ত শক্তিশালী এবং সময়োচিত বার্তা দেয় যে, মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার মতোই সমান গুরুত্বপূর্ণ। সৃজনশীল ও জনসমক্ষে থাকা পেশায় মানুষদের সব সময় পারফর্ম করতে, মানুষকে বিনোদন দিতে এবং প্রাসঙ্গিক থাকতে হয়। দীর্ঘ সময় ধরে এভাবে চলতে থাকলে নীরবে তৈরি হতে পারে আবেগগত ক্লান্তি, উদ্বেগ, ঘুমের সমস্যা এবং শেষ পর্যন্ত বার্নআউট।”
তিনি আরও ব্যাখ্যা করেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা রাতারাতি তৈরি হয় না। এগুলি ধীরে ধীরে জমে ওঠে দীর্ঘমেয়াদি চাপ, অতিরিক্ত কাজ, বিশ্রামের অভাব এবং আবেগ চেপে রাখার ফলে। ডা. চন্দ্রর কথায়, “মানসিক সমস্যাগুলি একদিনে আসে না। চাপ, অতিরিক্ত কাজ, বিশ্রামের অভাব এবং আবেগ দমিয়ে রাখার ফলে ধীরে ধীরে এগুলি তৈরি হয়। কমেডিয়ানদের কাছ থেকে প্রত্যাশা থাকে, তাঁরা অন্যদের হাসাবেন, যখন হয়তো ভিতরে ভিতরে তাঁরাই অদৃশ্য এক লড়াই করে চলেছেন। এই আবেগগত অসামঞ্জস্য উপেক্ষা করা হলে তা ক্ষতিকর হয়ে উঠতে পারে।”
‘বিরতি’ মানেই দুর্বলতা নয়
‘ছেড়ে দেওয়া’ বা ‘বিরতি নেওয়া’ নিয়ে সামাজিক ধারণা অনেককেই সাহায্য চাইতে বাধা দেয়। তাই ডা. চন্দ্রর মতে, জাকিরের সিদ্ধান্তকে পরাজয় নয়, বরং মানসিক দৃঢ়তার দৃষ্টিতে দেখা উচিত।
তিনি বলেন, “বিরতি নেওয়া দুর্বলতার লক্ষণ নয়। এটি আত্মসচেতনতা এবং শক্তির পরিচয়। চলতে চলতে কিছুটা থেমে সাহায্য চাওয়া এবং নেওয়া, নিজেকে সুস্থ করার দিকে মন দেওয়া ভবিষ্যতে আরও গুরুতর মানসিক সমস্যাকে প্রতিরোধ করতে পারে।”
সুস্থতার পথে সময়ই আসল জাদুকাঠি
চার বছরের বিরতি জনসাধারণের কাছে দীর্ঘ মনে হতে পারে। কিন্তু ডা. চন্দ্রর মতে, শারীরিক আঘাতের মতো মনকেও সুস্থ হতে পর্যাপ্ত, কখনও তার চেয়েও বেশি, সময় দেওয়া দরকার।
“বিশ্রাম, থেরাপি, মাইন্ডফুলনেস, পর্যাপ্ত ঘুম এবং কাজের চাপ কমানো - এই পদক্ষেপগুলি সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। মানসিক সুস্থতার জন্য সময় লাগে। যেমন শারীরিক আঘাতে সেরে উঠতে সময় লাগে, তেমনই মনকেও সুস্থ হতে জায়গা ও সময় দিতে হয়,” বলেন তিনি।
কেরিয়ারের শিখরে দাঁড়িয়ে জাকির খানের এই সরে দাঁড়ানো এক স্পষ্ট বার্তা দেয়, মানসিক স্থিতি ছাড়া দীর্ঘমেয়াদি সাফল্য সম্ভব নয়।
ডা. চন্দ্রর কথায়, “জাকির খানের সিদ্ধান্ত অন্যদেরও নিজের মনের কথা শোনার, নিজের সীমাকে সম্মান করার এবং বুঝতে শেখার অনুপ্রেরণা দিক। দীর্ঘমেয়াদি সাফল্য তখনই সম্ভব, যখন মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখা ও অগ্রাধিকার দেওয়া হয়।”