
শেষ আপডেট: 20 March 2025 00:05
দ্য ওয়াল ব্যুরো: গরমকাল এলেই টিফিন নিয়ে সমস্যায় পড়েন অনেকে। প্রচণ্ড গরমে ফ্রিজে রাখা খাবারও নষ্ট হয়ে যায়। অফিসে নিয়ে যাওয়া টিফিনের স্বাদ বদলে যায়, এমনকি বাসি খাবার খেয়ে শারীরিক সমস্যার আশঙ্কাও থাকে। তাই গরমে কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি। খাবার কীভাবে রাখলে ভাল থাকবে? জেনে নিন।
শিগগির খাবার খান
গরমকালে রান্না করা খাবার বেশি সময় বাইরে রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। রান্নার এক থেকে দু'ঘণ্টার মধ্যেই খাবার খেয়ে ফেলা উচিত। গরম খাবার খাওয়ার অভ্যাস থাকলেও তা বেশি সময় রেখে দেওয়া ঠিক নয়।
খাবার দ্রুত ঠান্ডা করুন
অনেকেই রান্নার পরে গরম খাবার ফ্রিজে রেখে দেন, যা খাবার দ্রুত নষ্ট হওয়ার কারণ। খাবার ঠান্ডা করে তবেই ফ্রিজে রাখুন। যদি ফ্রিজ নষ্ট হয়ে যায় বা না থাকে, তবে খাবারের পাত্রটি ঠান্ডা জলে ভরা থালায় রেখে দিন। ফ্যান চালিয়ে দিন। এতে খাবার দীর্ঘক্ষণ ভাল থাকবে।
বাসি খাবার এড়িয়ে চলুন
গরমকালে এক দিনের বেশি পুরনো খাবার খাওয়া ঝুঁকিপূর্ণ। বাসি খাবার খেলে ডায়ারিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই গরমে টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন।
পরিষ্কার বক্সে খাবার নিন
টিফিন বক্স অনেকসময় ভালভাবে পরিষ্কার হয় না। তাতেই খাবার ঢেলে নিয়ে বেরিয়ে পড়লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিষ্কার পাত্রে খাবার রাখুন। ঠান্ডা হলে তবে ঢাকনা বন্ধ করুন। এতে খাবার তাড়াতাড়ি নষ্ট হবে না।