
ফাইল চিত্র
শেষ আপডেট: 3 October 2024 15:25
দ্য ওয়াল ব্যুরো: গর্ভবতী মহিলাদের জন্য টিকা আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার এমনই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সংস্থাটি। গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে 'হু'। তাছাড়া নবজাতকদের জন্য একটি অ্যান্টিবডি ব্যবহারের সুপারিশও দেওয়া হয়েছে। মা ও সন্তান উভয়ই গুরুতর রেসপিরেটরি সিঙ্কশিয়াল ভাইরাস (আরএসভি)-এ আক্রান্ত হতে পারে। এতে খুব সহজেই ঠাণ্ডা লেগে জ্বর আসার সম্ভাবনা থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ভাইরাস শিশু এবং বয়স্কদের জন্য মারাত্মক। বেশিরভাগ মধ্যম আয়ের দেশগুলিতে আরএসভি সংক্রমণের মৃত্যুর হার বেশি। প্রতি বছর প্রায় ১,০১৪০০ শিশু পাঁচ বছরের কম বয়সে মারা যায়।
এই টিকাটি মায়ের গর্ভবতী হওয়ার 28 সপ্তাহে দেওয়া হবে। এতে শিশুটি জন্মানোর পরেও রেসপিরেটরি সিঙ্কশিয়াল ভাইরাসে আক্রান্ত হবে না।
ফাইজারের আরএসভি টিকা, যা অ্যাব্রিসভো নামে পরিচিত। এই টিকা বর্তমানে আমেরিকা এবং ইউরোপে দেওয়া হবে। তবে সংস্থাটির মতে, খুব শীঘ্রই এটি বিশ্বের বিভিন্ন জায়গায় পৌছে যাবে। এই টিকা জাপান ও কানাডাতেও চালু হতে চলেছে।
ডব্লিউএইচও-এর ইমিউনাইজেশন গ্রুপের চেয়ারম্যান হান্না নোহিনেক বলেন, 'আমরা চাইছি যাতে বিশ্বজুড়ে এই টিকার ব্যবহার বাড়ানো যায়। তার জন্য এই টিকার উৎপাদনও বাড়াতে হবে। সেই চেষ্টাতেই রয়েছি। যদিও শুধুমাত্র শিশুদের জন্যই এই টিকা আনা হয়েছে। তবে বয়স্কদের জন্য নিয়ে আসা হবে। সেই গবেষণাই চলছে এখন।'