
শেষ আপডেট: 27 November 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো: দাঁত মাজার জন্য আমরা নানারকম টুথপেস্টই কিনি। ঘুরিয়ে-ফিরিয়ে যেটা ভাল মনে হয় কিনে নিই। কিন্তু অনেকেই হয়তো জানেন না, দাঁতের ধরন অনুযায়ী মাজন বা টুথপেস্ট কেনা দরকার। কোন ধরনের টুথপেস্ট আপনার দাঁতের জন্য ভাল সেটা বুঝে কিনলে দাঁত ও মাড়ি ভাল থাকে। না জেনেই হয়তো ভুল মাজন ব্যবহার করে চলেছেন, ফলে উপকার পাচ্ছেন না।
চলুন জেনে নেওয়া যাক, দাঁতের ধরন অনুযায়ী কোন ধরনের টুথপেস্ট কেনা উচিত।
১) দাঁতে হলুদ ছোপ থাকলে সেই মতো টুথপেস্ট কিনতে হবে। যাঁরা বেশি ধূমপান করেন বা পানমশলা, গুটখা, খৈনি খান তাঁদের জন্য বেকিং সোডা দেওয়া টুথপেস্ট বেশি ভাল। কেনার আগে দেখে নেবেন।
২) মাড়িতে সমস্যা, ব্যথা থাকলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল টুথপেস্ট কিনতে হবে। গাম কেয়ার বা অ্যান্টি-জিনজিভাইটিস লেখা দাঁতের মাজন বেছে কিনবেন।
৩) দাঁতে ব্যথা, মুখে দুর্গন্ধ থাকলে সোডিয়াম লরেল সালফেট যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন।
৪) যদি সবসময় দাঁতে শিরশিরানি ব্যথা থাকে বা গরম অথবা ঠান্ডা কিছু খেলে দাঁত কনকন করে তাহলে পটাশিয়াম নাইট্রেট বা স্ট্রোনিয়াম ক্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন।
৫) মুখে প্রচণ্ড দুর্গন্ধ হলে মিন্ট দেওয়া মাজন ব্যবহার করলে ভাল।
৬) যদি কখনও মাড়িতে সংক্রমণ হয়ে থাকে তাহলে জিঙ্ক সাইট্রেট, ট্রাইক্লোসান এবং ফাইরোফসফেট যুক্ত টুথপেস্ট (toothpastes) ব্যবহার করলে ভাল। এই ধরনের টুথপেস্ট ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়।