শীতে মাথা ব্যথা নিয়ে অস্থির! এই মন্ত্রে সুস্থ থাকতে পারেন আপনিও
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, শীতকালে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা হওয়ার প্রবণতা বেড়ে যায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, শীতকালে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা হওয়ার প্রবণতা বেড়ে যায়।
শেষ আপডেট: 25 November 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: শীতকাল প্রায় এসেই গেছে। কলকাতার তাপমাত্রা ১৭-র ঘরে। এই সময়ে অনেকের প্রায় রোজই মাথা ব্যথা হয়। যাদের মাথা ব্যথার সমস্যা এমনিতেই রয়েছে, তাদের এই সময় সেই সমস্যা আরও বাড়ে। কখনও তা মাইগ্রেনের জন্য হতে পারে, কখনও সাইনাসের জন্য বা কখনও ঠান্ডার জন্য। আর ওয়েদার চেঞ্জ তো রয়েছেই।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, শীতকালে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা হওয়ার প্রবণতা বেড়ে যায়। এই সময়ে সূর্য কম সময় পর্যন্ত থাকে এবং রোদও সে অর্থে থাকে না। ফলে অ্যাটমোস্ফেরিক প্রেসারে পরিবর্তন আসে। পরিবর্তন হয় শরীরের ভিতরে রক্তচাপে। বাড়ে মাথা যন্ত্রণা। শীতকালীন মাইগ্রেনও হয় একারণেই। পাশাপাশি খুব ঠান্ডা পড়লে, ঠান্ডা হাওয়া নার্ভ ও ব্রেনে প্রভাব ফেলে। এর ফলেও বাড়ে মাথা যন্ত্রণা।
সাইনাস শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বায়ু চলাচলে সাহায্য করে। নাকের দুই পাশে ও চোখের তলার হাড়ে ও চোখের উপরের দুই অংশে এটি থাকে। সাইনাস ভিতরে মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লি নামে একটি চামড়ার সঙ্গে যুক্ত থাকে। এই শ্লেষ্মা ঝিল্লি বিভিন্ন সময়ে ইনফেকশন হয়ে বা এতে অ্যালার্জি হয়ে সাইনাসে ব্লকেজ তৈরি করে। এর ফলে ফল বায়ু চলাচল করতে পারে না মাথা যন্ত্রণা, চোখে তলার অংশে যন্ত্রণা হয়ে থাকে। শীত পড়ার সময় এই সমস্যা বেশি হয়।

শীতে কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে?
- বাড়ির বড়রা বলে থাকেন, শীতকালে মাথা ঢেকে রাস্তায় বের হতে। তাঁরা সকলে হয়তো বৈজ্ঞানিক ব্যখ্যা জানেন না কিন্তু তাঁরা ঠিক। এই সময়ে মাথা ও গলা উলের কিছু বা ঠান্ডা না ঢুকতে পারে, এমন কোনও কাপড় দিয়ে ঢাকা রাখলে মাথা যন্ত্রণা কম হতে পারে।
- গলার ও কাঁধের পেশিকে আরাম দিতে হবে, যাতে রক্ত চলাচল শরীরে ঠিক থাকে। যদি কোনও কারণে এই সময় অতিরিক্ত চিন্তিত লাগে নিজেকে, তা হলে এই পেশিগুলির একটু ব্যায়াম বা মাসাজে উপশম মিলতে পারে।
- রোজ আট ঘণ্টা ঘুমোতে হবে।
- খুব শীতে হিটার বা অন্য কিছু দিয়ে ঘর গরম রাখলে ভাল।
- এই সময়ে দিনে অন্তত দু'বার ভাপ বা স্টিম নিলে সাইনাস পরিষ্কার থাকবে, এতে সাইনাসের ফলে মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা কম থাকবে।
- যদি সম্ভব হয়, তা হলে ফেস মাসাজার টুল দিয়ে মুখের বিভিন্ন অংশ মাসাজ করলে আরাম লাগতে পারে। পাশাপাশি এটি সাইনাসও পরিষ্কার করে দিতে পারে। ফলে মাথা যন্ত্রণা হবে না।
- শীতে একটু গরম জলে স্নান করলে ভাল. এতে পেশি সচল থাকে। কিন্তু মাথায় রাখতে হবে, অতিরিক্ত গরম জলে শরীর খারাপ হতে পারে। ফলে জলের ঠান্ডাটা শুধু কাটিয়ে নিতে হবে।
- শীতকালে পিপাসা কম পায় অনেকেরই। জল খাওয়া কমে যায়। এতে শরীরে নানা সমস্যা হতে পারে। শরীরে জলের ঘাটতি মাথা যন্ত্রণার কারণ। মাথায় রাখতে হবে, জল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- হলুদ মেশানো দুধ বা আদা দেওয়া চা শীতে খেলে, শরীর গরম রাখে ভিতর থেকে। দ্রুত ঠান্ডা লাগার প্রবণতা কমে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে।