একাকিত্ব নিয়ে জেরবার অনেকেই, কিন্তু মনোবিদরা বলছেন, একা থাকা সবসময় অসুখ নয় বরং মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। কেন একান্ত সময় গুরুত্বপূর্ণ?
.jpeg.webp)
ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 24 November 2025 09:09
মন খারাপ নয়, কিন্তু কিছু ভাল লাগছে না। যাই করছি, তাতেই যেন বিরক্তি। কোথাও গিয়ে শান্তি নেই, খেয়ে ষান্তি নেই, খাবারের স্বাদটাও ফিকে। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না আবার মনে হচ্ছে, কাছের বন্ধুকে একটু ফোন করি। ডায়াল করেও কথা হচ্ছে না, শব্দ হারিয়ে যাচ্ছে, মাথায় সব যেন কেমন গোল গোল ঘুরছে। আপনারও হয় এমন? এটাকে ডাক্তারি পরিভাষায় (মনোবিজ্ঞান) 'একাকিত্ব' বলা হচ্ছে।
একাকিত্ব যেকোনও সময় আমার আপনার হতে পারে, অনেকে বোঝেন কোনটাকে এই শব্দ দিয়ে বিশ্লেষণ করা যাবে, অনেকে বোঝেন না। আজকালের জেনারেশন এই নিয়ে একটু হলেও ওয়াকিবহল থাকেন কিন্তু বাড়ির বড়রা, বাবা-মায়েরা বা বাড়ির বাচ্চারাও এই একাকিত্ব-র মানেই বোঝে না। অথচ মন খারাপ হয়, যা এড়িয়ে গেলে মানসিক স্বাস্থে বড়সড় সমস্যা হতে পারে।
কীভাবে বুঝবেন আপনি একাকিত্ব-এ ভুগছেন?
মনোবিদ ও লাইফকোচ ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় দ্য ওয়ালকে জানাচ্ছেন, এই জিনিস সহজে বোঝা সম্ভব নয়। আবার কয়েকটা জিনিস মাথায় রাখলে খুব সহজেই বোঝা যাবে।
'ফাঁকা ফাঁকা লাগছে, দেখতে পাচ্ছি, জীবনে যেন কিছুই নেই বা রাতে যখন বাড়ি ফিরলাম, হঠাৎ ফাঁকা ফাঁকা লাগছে। মনের মধ্যে কিছু একটা চলছে।
হতে পারে, একা কোথাও গিয়ে ভাল লাগছে না। অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কোথাও গিয়ে একা খেতে পারছি না, একা কিছু করতে পারছি না। একা কিছু করতে ইচ্ছে করছে না,' এমন হলে এটাকে একাকিত্বই বলা হবে, বলেন ঐন্দ্রিলা।
বিষয়টা কি এতই সহজ? ঐন্দ্রিলার কথায়, একেবারেই নয়, একটা ধারণা দেওয়ার চেষ্টা হল মাত্র। বিষয়টা আসলে অনেক বড়। তিনি বলেন, 'ওই সব উপসর্গ ছাড়াও সবসময় মনে হতে পারে, আশপাশে মানুষ থাকুক, আবার মানুষ থাকলেই যে ভাল লাগছে, তাও নয়। তবে, সবসময় মনে হচ্ছে, আশপাশে আওয়াজ থাকুক, কিছু একটা অ্যাক্টিভিটি হতে থাকুক। একাকিত্ব, যেটা আমরা বুঝতে পারছি কি পারছি না সেটা যেন সামনে না আসে। এভাবে নিজেকে বুঝলে, একাকিত্বটা বোঝা যাবে। কোনটাকে ঠিক একাকিত্ব বলব সেটা ঠাওর হবে।'
একাকিত্ব বোঝা গেল! এটা শুনে অনেকেই ভাববেন তিনি অসুস্থ! সেকথাই এক বাক্যে নস্যাৎ করে দিলেন মনোবিদ। তিনি মনে করেন, একাকিত্ব মানেই গুরুগম্ভীর একটা বিষয় একেবারেই নয়। একাকিত্ব-র ভাল দিকও রয়েছে।
মানসিক সমস্যা তারও ভাল দিক? ঐন্দ্রিলা বলেন, 'সবসময় ভাল থাকতে হবে এটা কোথাও লেখা নেই। আর সবসময় কেউ আমায় ভাল রাখবে সেটাও ঠিক নয়। আমাকে ভাল রাখার দায়িত্ব সবচেয়ে বেশি আমার, অন্যদের আছে কিন্তু নিজের সবচেয়ে আগে।'
একাকিত্ব মানে একা থাকা, যেটা যে কারও জীবনে খুব দরকার বলে মনে করেন তিনি। সেলফ ডিসকভারি, নিজের সঙ্গে সময় কাটানোর ফলেই আসে। নিজের মনের বিভিন্ন দিক ফুটে ওঠে এর মাধ্যমে। বলেন, 'আমরা একা থাকলে বুঝি যে জীবনে কী আছে, কী নেই, কী দরকার, কীভাবে নিজেকে উন্নত করতে পারি। এটা বুঝতে হবে, আমি যদি নিজের সঙ্গে সময় কাটাতে না চাই, তা হলে অন্য কেউ কেন আমার সঙ্গে সময় কাটাতে রাজি হবে!'
তাহলে, একা থাকা খুব জরুরি, নিজেকে বোঝার একটা মাধ্যম এটা। কাজেই একটু একা, নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ুন আজ থেকেই।