
শেষ আপডেট: 15 March 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: দোলের আনন্দ ফিকে থেকে যায় ভাং না খেলে। এই দিন একটু আধটু ভাং কম-বেশি সবাই খেয়ে থাকেন। দোল শেষ, ভাঙের হ্যাংওভার রয়েছে এখনও। এদিকে বসতে হবে অফিসেও। এমন হলে ট্রাই করতে পারেন এই টিপসগুলি। হ্যাংওভার কাটবে, শরীর হবে ঝরঝরে।
গ্রিন টি খেতে পারেন
গ্রিন টি শরীরের জমে থাকা দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। ভাঙের প্রভাব কাটাতে সারাদিনে ৩ থেকে ৪ বার এই চা পান করুন। এতে মাথা ব্যথা কমবে ও ঝিম ভাব দূর হবে।
লেবুর জল পান করতে পারেন
পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীর থেকে টক্সিন দূর করে। ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে ভরা পেটে পান করুন, এটি দ্রুত ভাঙের নেশা কাটবে।
ডাবের জল পান করতে পারেন
ডাবের জল প্রাকৃতিকভাবে ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ, যা শরীরকে রিহাইড্রেট করে এবং ভাঙের নেশা কাটায়। দিনে ২ থেকে ৩ বার ডাবের জল পান করলে ফ্রেশ লাগবে।
আদার টুকরো চিবিয়ে নিতে পারেন
ভাঙ খাওয়ার পর যদি চোখের সামনে ঝাপসা দেখেন বা শরীর দুর্বল লাগে, তবে মুখে ছোট্ট এক টুকরো আদা নিয়ে চুষতে থাকুন। আদার প্রাকৃতিক উপাদান দ্রুত ঘোর কাটাতে সাহায্য করবে।
গরম জলে স্নান করতে পারেন
ভাঙের ক্লান্তি দূর করতে গরম জলে স্নান করে নিতে পারেন। তারপর একটু ঘুম। অনেকটা ঘোর কাটবে, শরীর ভাল লাগবে।