
শেষ আপডেট: 5 December 2020 18:30
এত সহজে এতগুলো এক্সারসাইজ পরপর কীভাবে করছেন তিনি! নেটিজেনদের চোখ আটকে গেছে ভিডিওতে। পুশ-আপ, ক্রাঞ্চেস, বারপিস, স্ট্রেচিং, প্ল্যাংকস, কী না। এত কঠিন এক্সারসাইজের পরেও মুখে কিন্তু কষ্টের ছাপ পড়েনি। দেখেই বোঝা যাচ্ছে দিব্যি মজা করেই তিনি কসরৎ করছেন। ভিডিওটি পোস্ট করে সারা লেখেন, "যখন সংশয়ে থাকবেন, তখন ওয়ার্ক আউট করুন।"
প্রাণোচ্ছল ব্যক্তিত্ব ও অভিনয়ের কারণেই একের পর এক সিনেমায় কাজ করছেন সারা। আর তাই শরীর ফিট রাখাটা ভীষণ জরুরি। পরিচালক কখন কী অ্যাকশন করতে বলবেন তার তো কোনও ঠিক নেই। তাই সিনেমার কথা ভেবেই, শরীর সুস্থ রাখতে ছেড়ে দিয়েছিলেন হাজার একটা প্রিয় খাবার। একবার এক টক শোতে সারা জানিয়েছিলেন, "মোটা হয়ে গেলে কোনও সিনেমায় আমাকে সুযোগ দেওয়া হবে না। এটা আমার কাজের জায়গা। এর জন্যেই আমাকে রোগা থাকতে হবে। খেতে আমি ভীষণ ভালবাসি। কিন্তু তৈলাক্ত খাবার থেকে আমি এখন শতহস্ত দূরে।"
করণ জোহরের 'কফি উইথ কারণ' শোতে একটি ভিডিওতে দেখা গিয়েছিল সারার কলেজবেলার চেহারা। তখন তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। একটি গানের সঙ্গে বসে বসেই নাচ করছেন তিনি। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে সারা জানান, "ছোট থেকেই বাবা মাকে দেখে নাচ , অভিনয়ের ভীষণ শখ ছিল আমার। তাই ক্লাস না থাকলে এমন ভিডিও বানিয়ে বাবাকে পাঠাতাম। আমার ওজন তখন ৯৬ কেজি। পিসিওডি ছিল। এখনও আছে। কিন্তু মুম্বাইতে ফেরার পর আমি কঠোর পরিশ্রম করতে শুরু করি। নিজেকে সুস্থ রাখতেই এক্সারসাইজ করি আসলে।"
সামনেই বরুন ধাওয়ানের বিপরীতে 'কুলি নং ওয়ান'য়ে দেখা যাবে সারাকে। নিজেই আরেকটি ছবি পোস্ট করে জানিয়েছেন অক্ষয় কুমারের বিপরীতে আরও একটি সিনেমার কাজ তিনি শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে নিজের কেরিয়ার নিয়ে সারা যে এখন ভীষণ ব্যস্ত, সেটা বোঝাই যাচ্ছে।