
শেষ আপডেট: 4 November 2023 19:02
দ্য ওয়াল ব্যুরো: দামি, কমফোর্টেবল অন্তর্বাসের প্রতি কিছু কিছু মেয়েদের এতটাই ফ্যাসিনেশন, যে সেটা পরে ঘুমিয়ে পড়তেও দ্বিধাবোধ করেন না অনেকেই। আবার কমফোর্টেবল ব্রা পরলেও, কতক্ষণে বাড়িতে এসে খুলে ফেলা যায়, সে চিন্তাই সর্বক্ষণ মাথার মধ্যে ঘোরে। প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো নাকি বিশ্বাস করতেন রাতে ব্রা পরে ঘুমালে স্তনের সৌন্দর্য অক্ষুন্ন থাকে। তাই প্রতিরাতেই ব্রা পরে ঘুমাতেন। কিন্তু ব্রা পরা নিয়ে ভিন্ন মতও রয়েছে। অনেকে দাবি করেন ব্রা পরে ঘুমানোর একাধিক ক্ষতিকর দিক রয়েছে। চলুন জেনে নিই বিশেষজ্ঞরা কী বলছেন।
মেয়েদের অন্তর্বাস পরা বেশ কষ্টকর একটি অভিজ্ঞতা। স্তন শক্ত করে সারাদিন ব্রা-বন্দি করে রেখে রেখে পিঠে ব্যথা হয়ে যায় অনেকেরই। সারা দিন চাপা অন্তর্বাস পরে থাকলে বুকের হাড়ে ক্ষতি হতে পারে, পিঠে ব্যথা হতে পারে এমনকি কিছু কিছু গবেষণা বলছে, স্তনে ক্যানসার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই অন্তর্বাসহীন হয়ে থাকতে অনেকেই পছন্দ করেন। যে কোনও মেয়েকে যদি জিজ্ঞেস করা হয়, দিনের কোন সময়টা সবচেয়ে আনন্দ পান? দশজনের মধ্যে আটজনই হয়ত উত্তর দেবেন, ‘‘যখন দিনের শেষে বাড়ি ফিরে ব্রা খুলতে পারি।’’
নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, লস অ্যাঞ্জেলেসের মতো বহু শহরে ‘ফ্রি নিপ্ল মুভমেন্ট’ আয়োজন হয়েছে। হাজার হাজার মেয়েরা তাতে অংশগ্রহণ করে অন্তর্বাসকে পুরুষতান্ত্রিক অস্ত্র হিসাবে ঘোষণা করেছেন। সেখানে অনেক মেয়েই অন্তর্বাস ছাড়া অফিস-শপিং মল-সিনেমা হল— সব জায়গাতেই ঘুরে বেড়ান।
এখন কথা হল রাতে ব্রা পরে ঘুমনো কতটা স্বাস্থ্যসম্মত?
বিশেষজ্ঞরা বলছেন, রাতে টাইট ব্রা পরে ঘুমনো ঠিক নয়। ঘুমে ব্যাঘ্যাত ঘটতে পারে, দীর্ঘক্ষণ ব্রা পরে থাকার ফলে শরীরে দাগ হয়ে যায়, চুলকানির সমস্যা হতে পারে। যদিও স্তনের বিষয়ে সচেতন অনেক মহিলাই কিন্তু রাতে বিছানাতেও ব্রা পরে থাকতেই অভ্যস্ত। তারা কি আদৌ ঠিক করছেন না ভুল? এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা বলেন, এমন কিছু বেছে নিন যার স্ট্র্যাপ বা বাস্ট খুব টাইট নয় এবং আপনার ত্বকের উপর চেপে বসবে না।
বহু যুগ ধরেই মেয়েদের এটা বোঝানো হয়, যে অন্তর্বাস না পরে থাকলে স্তন ঝুলে পড়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু এক্ষেত্রেও বিশেষজ্ঞরা উল্টো কথা বলছেন। তাঁরা জানাচ্ছেন, ব্রেস্ট স্যাগিং কিন্তু একেবারেই নর্মাল। এর সঙ্গে অন্তর্বাস পরা, না পরার কোনও সম্পর্ক নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাসপেন্সরি লিগামেন্টস স্ট্রেচ হয় বলেই, স্তনের আকার বড় হয় এবং ঝুলে পড়ে। তাছাড়াও জেনেটিক, জীবনযাপন, প্রেগনেন্সির কারণেও এটি হতে পারে। রাতে ব্রা পরে শুলেই যে ব্রেস্ট স্যাগিং হবে না, এটা একেবারেই ভুল বলে জানাচ্ছেন তাঁরা।
তবে অন্তর্বাস পরে ঘুমনোর কিছু উপকারিতাও আছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যাঁদের বুক ভীষণ ভারী, তাঁরা অন্তর্বাস পরে ঘুমালে উপকার পাবেন। কারণ! অতিরিক্ত ব্রেস্ট মুভমেন্ট হলেই বুকে ব্যথা অনুভব করতে পারেন, কখনও কখনও আবার রাতে ঘুমেরও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে স্তনের আকার অনুযায়ী সাপোর্ট ব্রা খুব উপকারি। আবার যাঁরা উপুড় হয়ে শুয়ে ঘুমোতে ভালবাসেন, তাঁরাও এই ধরনের ব্রা পরে ঘুমোতে পারেন।
বিশেষজ্ঞদের মত, রাতে শোয়ার সময় পুশ আপ ব্রা কিংবা আঁটোসাঁটো ব্রা পরে শোবেন না। তার চেয়ে সূতির হালকা ধরনে ব্রা পরে শোওয়া ভাল এবং আরামদায়ক। রাতে ব্রা পরার পর হাত তুলে দেখে নেবেন কোনও সমস্যা হচ্ছে কিনা। আরামদায়ক মনে হলে তবেই তা পরে শোবেন। না হলে শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে।