চা–কফির আসল স্বাদ তখনই উপভোগ্য, যখন তা নিরাপদও বটে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 August 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: এক চুমুকেই শান্তির পরশ… গরম গরম চা বা কফি আমাদের জীবনের এক ব্যক্তিগত ও আরামদায়ক অভ্যাস। পানীয় হতে হবে এক্কেবারে গরম, তবেই না শান্তি! একটু ঠান্ডা হয়ে গেলেও যেন সেই আমেজটা আসে না। কিন্তু জানেন কি, সেই প্রিয় পানীয়ের তাপমাত্রাই হয়তো লুকিয়ে রেখেছে ক্যানসারের ঝুঁকি?
International Agency for Research on Cancer-এর এক গবেষণা বলছে, খুব গরম চা বা কফি (বিশেষত ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা) মানুষের জন্য ‘সম্ভাব্য কার্সিনোজেনিক’ বা ক্যানসার–সৃষ্টিকারী হতে পারে। অর্থাৎ ঝুঁকিটা আসলে কিন্তু পানীয় নয়, বরং তার তাপমাত্রা।
দক্ষিণ আমেরিকার এক গবেষণায় দেখা গেছে, যাঁরা ঐতিহ্যবাহী maté পানীয় প্রায় ৭০ ডিগ্রিতে পান করেন, তাঁদের খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি অনেক বেশি। একই ধরণের প্রমাণ মিলেছে আফ্রিকা ও এশিয়াতেও।
সম্প্রতি ব্রিটেনে প্রায় পাঁচ লক্ষ প্রাপ্তবয়স্ককে নিয়ে এক গবেষণায় নিশ্চিত করা হয়েছে, দিনে আট কাপ বা তার বেশি অতিরিক্ত গরম চা–কফি খাওয়ার অভ্যাস খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি প্রায় ছয়গুণ বাড়িয়ে দেয়।
কীভাবে গরম পানীয় ক্ষতি করে?
অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালীর কোষে তাপজনিত ক্ষত তৈরি করে। দীর্ঘমেয়াদে এই ক্ষতি ক্যানসারের জন্ম দিতে পারে। প্রাণীদের ওপর করা পরীক্ষায় দেখা গেছে, ৭০ ডিগ্রি সেলসিয়াসের গরম জল নিয়মিত খেলে খাদ্যনালীতে প্রি–ক্যানসারাস বৃদ্ধি দ্রুত ঘটে।
আরও একটি ধারণা হল, এই তাপজনিত ক্ষতি খাদ্যনালীর স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে দুর্বল করে তোলে। ফলে পাকস্থলীর অ্যাসিড রিফ্লাক্স হলে ওইসব কোষে দীর্ঘস্থায়ী ক্ষতি হয় এবং ক্যানসারের ঝুঁকি বাড়ে।
কতটা খাওয়ায় ঝুঁকি বেশি?
শুধু তাপমাত্রা নয়, একসঙ্গে কতটা খাওয়া হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, ২০ মিলিলিটারের বড় এক চুমুক ৬৫° সেলসিয়াস কফি খাদ্যনালীর ভেতরের তাপমাত্রা ১২° সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ছোট ছোট চুমুকে ঝুঁকি অনেক কম হলেও, বছরের পর বছর ধরে বড় চুমুকে গরম পানীয় খেলে বিপদ বাড়তে পারে।
নিরাপদ তাপমাত্রাই বা কত?
কফি বা চা বানানোর জন্য ব্যবহৃত জল সাধারণত ফুটন্ত অবস্থায় থাকে - প্রায় ৯০° সেলসিয়াস। তবে মার্কিন গবেষকেরা বলছেন, স্বাদ ও সুরক্ষা মিলিয়ে গরম পানীয়র আদর্শ তাপমাত্রা প্রায় ৫৭.৮° সেলসিয়াস।
কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?
চা–কফির আসল স্বাদ তখনই উপভোগ্য, যখন তা নিরাপদও বটে।
• গরম পানীয় একটু ঠান্ডা হতে দিন। ৫ মিনিটে প্রায় ১০–১৫° কমে যায়।
• ছোট ছোট সিপ নিন, বড় চুমুক এড়িয়ে চলুন।
• যদি গলা বা বুকে জ্বালাভাব কাজ করে, চিকিৎসকের পরামর্শ নিন।