
তরমুজ
শেষ আপডেট: 13 April 2025 15:32
দ্য ওয়াল ব্যুরো: গরমের তাপদাহে (summer) যখন শরীর একেবারে কাহিল, তখন একটুকরো লালচে তরমুজ (watermelon) যেন প্রাণ ফেরায়। পুষ্টিগুণে ভরপুর এই ফল শরীরে জলের ভারসাম্য রাখে, গরমে মেলে প্রয়োজনীয় হাইড্রেশন। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে লাইকোপিন নামের এক বিশেষ অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা হার্টের জন্য ভাল এবং সূর্যের ইউভি রশ্মির ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।
এত গুণ থাকলেও রয়েছে বেশ কিছু সতর্কবাণী। তরমুজ কিন্তু সবার জন্য উপযুক্ত নাও হতে পারে, বিশেষ করে যাঁদের কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যা (health problems) রয়েছে।
কিছু ক্ষেত্রে তরমুজ না খাওয়াই ভাল:
১) সর্দি-কাশি থাকলে:
আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, তরমুজ শরীর ঠান্ডা করে। সর্দি বা কাশি হয়ে থাকলে বা ধাত আছে যাঁদের, এই ফল এড়িয়ে চলাই ভাল। নাহলে সমস্যা আরও বাড়তে পারে।
২) জ্বরের সময়:
জ্বর থাকাকালীন ঠান্ডা ধরনের ফল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এসময় তরমুজ খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা আরও কমে যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া জ্বরের সময় তরমুজ খাওয়া উচিত নয়।
৩) অ্যালার্জি থাকলে:
যাঁদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও তরমুজ বিপজ্জনক হতে পারে। তরমুজে থাকা কিছু উপাদান অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। খাওয়ার পর যদি চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে তরমুজ একেবারেই এড়িয়ে চলুন।
৪) ডায়াবেটিসে:
এই প্রশ্নটা প্রায়ই শোনা যায়। পুষ্টিবিদরা বলেন, তরমুজের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটা বেশি, অর্থাৎ এটি রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়াতে পারে। তবে যেহেতু এতে প্রচুর জল ও শাঁস রয়েছে, তাই পরিমাণ বুঝে সামান্য খাওয়া যেতে পারে। একেবারে খালি পেটে বা রাতের খাবারের আগে তরমুজ খাওয়া উচিত নয়। তরমুজ খাওয়ার সময় সঙ্গে কিছু হেলদি ফ্যাট বা প্রোটিন (বাদাম, বীজ, দই) খেলে রক্তে শর্করার পরিমাণ সহজে বাড়ে না।
৫) কিডনির রোগীদের ক্ষেত্রে:
তরমুজে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে, যা কিডনি ঠিকভাবে ফিল্টার করতে না পারলে রক্তে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে।
৬) বদহজমের সমস্যায়:
তরমুজে মধ্যে থাকা চিনিজাতীয় উপাদান সরবিটল গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা তৈরি করতে পারে। হজমের সমস্যা হলে এড়িয়ে চলুন তরমুজ।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।