
ছবি সৌজন্য: পিক্স্যাবে
শেষ আপডেট: 2 November 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: কলা খেলে ঠান্ডা লাগতে পারে, এমন কথা বাড়ির বড়দের মুখে প্রায়ই শোনা যায়। সেজন্য শীত পড়ার সময় বা ঠান্ডা লাগলে, কলা খাওয়া বন্ধ করে দেন অনেকেই। নিজেরা তো খান না, বাচ্চাদেরও দেন না। তবে, অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, কলা থেকে কি আদৌ ঠান্ডা লাগতে পারে? কলা খেলে কি সত্য়ি সর্দি বেড়ে যায়?
বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা লাগা বা জ্বর হয় ভাইরাস থেকে। কলা থেকে নয়। তাই বিস্তারিতভাবে না জেনে, কলাকে দোষ দেওয়া ঠিক নয় এক্ষেত্রে। না জেনে কলা খাওয়া বন্ধ করাও উচিত নয় কারণ কলায় একাধিক পুষ্টিগুণ থাকে যা শরীরের একাধিক উপকারে লাগে।
কলায় উপস্থিত পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে কেউ অসুস্থ বা দুর্বল থাকলে, কলা এনার্জি দিতে পারে।
কিন্তু বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, কলায় থাকা উপাদান মিউকাস তৈরি করতে সাহায্য করে। তাই কেউ যদি খুব সর্দি-জ্বরে ভোগে তাহলে কিন্তু কলা তা বাড়িয়ে দিতে পারে। কারও অ্যাস্থমা বা অ্যালার্জি থাকলে কলা তার উপসর্গ বাড়িয়েদিতে পারে। সাময়িক হালকা সমস্যা হতে পারে। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কলা খেলে বা খুব পাকা কলা খেলে এই সমস্যা হতে পারে। অন্যথায় সাধারণত হয় না।
তবে, সর্দি-জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সঙ্গে কোনও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সঠিক ডায়েট প্ল্যান করার কথাও বলছেন তাঁরা। ডায়েট সঠিক থাকলে কোনও ফল থেকেই সমস্যা হবে না।
কোন কোন খাবার খেলে ঠান্ডা লাগা কমতে পারে?
রসুন, হলুদ, তুলসী, আমন্ড, লেবু, মিষ্টি আলু, আমলা ডায়েটে রাখলে এই আবহাওয়া পরিবর্তনের সময়ে শরীর ভাল থাকতে পারে।