
ফাইল চিত্র
শেষ আপডেট: 27 November 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে ততই বাড়ছে হার্টের অসুখ। সাধারণভাবে হার্টের অসুখ থাকলে বুকে অসহ্য ব্যথা অনুভূত হয়। সেই সঙ্গে ঘাম হয় এবং শরীর খারাপ লাগে। ক্রমাগত শরীর খারাপ করতে থাকলে হার্টের অসুখ হতে পারে। হার্টের করোনারি আর্টারি বা ধমনীতে ব্লকেজ থাকলে মানুষের শরীরে নানা সমস্যা হয়। অনেকসময় এই সমস্যাগুলি নিঃশব্দে দানা বাঁধে।
প্রতিনিয়ত হৃদরোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। বিশেষ করে দেশে এই অসুখের প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। সেই কথা মাথায় রেখে বি এম বিড়লা হাসপাতালের তরফে অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে হার্টের রোগীদের বিশেষ অস্ত্রোপচার করে চিকিৎসা করা হচ্ছে। কীভাবে হবে সেই চিকিৎসা? এমআইসিএস (মিনিম্যালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি) -এর মাধ্যমে জটিল কার্ডিয়াক সার্জারির সম্পন্ন করছে বি এম বিড়লা।
হৃদরোগের মূল কারণগুলি হল, অতিরিক্ত ধূমপান, অবসাদ, অস্বাস্থ্যকর জীবন, ডায়াবেটিস, শরীরচর্চা না করা এবং অতিরিক্ত চিন্তা করা। সময়মতো চিকিৎসকের পরামর্শ না নিলে আরও মারাত্মক অবস্থা হতে পারে রোগীর। তাই সফলভাবে চিকিৎসা করে, রোগীদের একটি নিরাপদ এবং কার্যকর বিকল্প প্রদান করেছে এই হাসপাতাল।
প্রথাগত ওপেন-হার্ট সার্জারির পথে না হেঁটে ‘এমআইসিএস’ বিশেষ যন্ত্র এবং রোবোটিক সহায়তায় পাঁজরের মধ্যে এবং চারপাশে ছোট ছেদ তৈরি করে। এই পদ্ধতিতে অস্ত্রোপচারের সাহায্যে রোগীরা তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সহজেই।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে হৃদরোগীদের জন্য ‘এমআইসিএস’ -এর উপকারিতা বলতে গিয়ে হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারির (সিটিভিএস) ডিরেক্টর ডাঃ রতন কুমার দাস বলেন, ‘এমআইসিএস হল ওপেন-হার্ট সার্জারির একটি উন্নত বিকল্প। এতে রোগীরা অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কম থাকে।’