শীতের মরসুমে কলকাতায় ঘুরে বেড়ানোর জন্য এই ৭টি চিরচেনা জায়গা আজও সমান আকর্ষণীয়।
বন্ধু বা পরিবারের সঙ্গে একদিনের আড্ডা আর বেড়ানোর প্ল্যান হলে এই স্পটগুলো আপনাকে নিরাশ করবে না।

ভিক্টোরিয়া
শেষ আপডেট: 6 January 2026 13:17
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ নিয়ে এসেছে একরাশ উত্তুরে হাওয়া। যার ফলে কাঁপছে রাজ্যবাসী। একে শীত, অন্যদিকে উৎসবের আমেজ, ঘুরতে কার না ভাল লাগে! ইচ্ছে থাকলেও পরের দিনই অফিস, ফলে বহু মানুষের প্ল্যান একটাই, দিনের দিনই ঘুরে ফেরা। ছুটিতে কোথায় গেলে পুরো দিনটা জমে যাবে? কলকাতার ৭টি জায়গার রইল হদিশ।
এই সময় সবথেকে বেশি ভিড়ের ছবি ধরা পড়ে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo)-তে। রোদ পোহাতে পশু পাখিরাও বেরিয়ে আসে গুহা থেকে, বাচ্চারা খুশি হয়ে যায়।
মূল কলকাতার ভিড় থেকে খানিকটা দূরে থাকতে চাইলে নজর দিতে পারেন ইকো পার্ক (Eco Park)-এর দিকে। নিউ টাউনের এই খোলা সবুজ জায়গায় ভিড় কম হবে, এমন ভাবার সুযোগ নেই।
নতুন বছর যদি ঈশ্বরের আরাধনার মধ্যে দিয়ে শুরু করতে চান, তাহলে গন্তব্য হতে পারে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির (Dakshineswar Temple)। পুজো দেওয়া হয়ে গেলে কাছেই আদ্যাপীঠ ও বেলুড়ও ঘুরে নিতে পারেন।
ভিড় এড়িয়ে একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে ভরসা ইন্ডিয়ান মিউজিয়াম (Indian Museum)। ইতিহাস, শিল্পকলা আর জ্ঞানচর্চায় একদিন অনায়াসেই কেটে যাবে।
ট্রেনপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য হাওড়া রেল মিউজিয়াম (Howrah Rail Museum)। হাওড়া স্টেশনের কাছে অবস্থিত এই মিউজিয়ামে দেখা যাবে ভারতের প্রথম ব্রডগেজ ইলেকট্রিক লোকোমোটিভ, পুরনো স্টিম ইঞ্জিন থেকে শুরু করে টয় ট্রেন। ছবি তোলার সুযোগও রয়েছে ভরপুর।
খুদেদের নিয়ে প্ল্যান হলে তালিকায় রাখতেই হবে সায়েন্স সিটি (Science City)। বিজ্ঞানের নানা শো, গ্যালারি আর প্রদর্শনীতে ছোট থেকে বড়, সবারই সময় কেটে যাবে চোখের পলকে।
আর চারিদিকে ছুটে বেরাতে চাইলে শেষ ঠিকানা ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial)। বিশাল খোলা প্রান্তর, বাগান আর সৌধ ঘুরে দেখতে দেখতে কখন যে দিন ফুরিয়ে যাবে, টেরই পাবেন না। যুগল হোক বা পরিবার একটা দিন উপভোগ করার জন্য ভিক্টোরিয়া বরাবরই সকলের পছন্দের।