এই শীতে কলকাতার কোলাহল ছেড়ে কাছাকাছি পিকনিকের প্ল্যান করছেন? কনকনে ঠান্ডায় পরিবার বা বন্ধুদের সঙ্গে একদিনে ঘুরে আসার সেরা জায়গাগুলির রইল খোঁজ।

কলকাতার কাছে পিকনিক স্পট
শেষ আপডেট: 6 January 2026 14:59
দ্য ওয়াল ব্যুরো: ১০-এর ঘরে নেমেছে কলকাতার তাপমাত্রা। কনকনে ঠান্ডা রাজ্যের সর্বত্র। একে পয়লা মাস তারওপর এমন ঠান্ডা। বাঙালির মনটা অজান্তেই পিকনিক মোডে চলে যায়। ব্যস্ত কাজের ফাঁকে ছুটি পেলেই ইচ্ছে করছে একটু বেরিয়ে পড়তে। কলকাতা (Kolkata) ও তার আশপাশেই রয়েছে একাধিক আদর্শ পিকনিক স্পট, যেখানে সকালে গিয়ে সারাদিন আড্ডা, খাওয়াদাওয়া, গানবাজনা সেরে সন্ধের মধ্যেই ঘরে ফেরা যায়।
পিকনিকের জন্য অন্যতম জনপ্রিয় জায়গা নিউ টাউন (New Town)। ইকো পার্কের (Eco Park) উল্টোদিকেই রয়েছে ইকো আর্বান ভিলেজ (Eco Urban Village)। এখানে আগে থেকে স্পট বুকিং করে গ্রুপ পিকনিক করা যায়। খোলা পরিবেশ, সবুজ আর আধুনিক পরিকাঠামো—সব মিলিয়ে পরিবার ও বন্ধুদের জন্য বেশ আকর্ষণীয়।
এবার আরও এক ধাপ এগিয়ে বিশ্ববাংলা গেটের (Biswa Bangla Gate) কাছে, এয়ারক্রাফট মিউজিয়ামের (Aircraft Museum) পিছনে চারটি নতুন আধুনিক পিকনিক স্পট চালু করেছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)। প্রতিটি স্পটেই রয়েছে সুন্দর কটেজ, যা টু-বিএইচকে (2BHK) ফ্ল্যাটের ধাঁচে তৈরি। দুটি বেডরুম, কিচেন ও আলাদা টয়লেট—সব সুবিধাই মিলবে। সঙ্গে রয়েছে রান্নার জায়গা, কমন টয়লেট, ছায়াঘেরা জঙ্গল ও শিশুদের জন্য চিলড্রেন পার্ক (Children Park)।
এনকেডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, আগে পিকনিক স্পট খোলা থাকলেও বয়স্ক মানুষ বা দুধের শিশুকে নিয়ে আসা পরিবারগুলোর বিশ্রামের আলাদা ব্যবস্থা ছিল না। সেই সমস্যা মাথায় রেখেই এই কটেজের ব্যবস্থা করা হয়েছে। ফলে পিকনিক পার্টির পাশাপাশি বয়স্ক ও শিশু—সবাই স্বচ্ছন্দে সময় কাটাতে পারবেন। শুধু পিকনিক নয়, ভবিষ্যতে বিয়েবাড়ি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান (Social Events)-এর জন্যও এই জায়গা ভাড়া দেওয়া হবে। এতে যেমন এনকেডিএ-র আর্থিক লাভ হবে, তেমনই সাশ্রয়ে অনুষ্ঠান করার জায়গা পাবেন বাসিন্দারা।
কলকাতার বাইরে একটু নদীর ধারে পিকনিক করতে চাইলে বরাবরের মতোই ভরসার জায়গা ডায়মন্ড হারবার (Diamond Harbour)। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গঙ্গার (Ganga) তীরে এই স্পট বহুদিন ধরেই জনপ্রিয়।
একইভাবে রায়চক (Raichak) পৌঁছে যেতে পারেন। সেখানে কটেজ থেকে হোটেল- সবই পেয়ে যাবেন।
যেতে পারেন গাদিয়াড়া (Gadiara), টাকি (Taki) ও ফুলেশ্বরও (Fuleswar)—সব ক’টিই একদিনের পিকনিকের জন্য আদর্শ।
এছাড়া ফলতা, বুড়ুলও রয়েছে তালিকায়। নদীর ধারে অসম্ভব ভাল লাগতে পারে এই সময়ে।