
শেষ আপডেট: 25 March 2023 09:35
দ্য ওয়াল ব্যুরো: উইকেন্ড মানেই বেড়াতে (travel) যেতে ইচ্ছে হয় সকলেরই। আর ঘুরতে গিয়ে আরামে কাটাতে নিজের পছন্দমতো হোটেল (hotel) খুঁজতে চান। সেই হোটেলটি যদি দেখতে দুটি মুখোমুখি খোলা তলোয়ারের (sword) মতো হয়!
শুনতে অবাক লাগলেও এমন হোটেল সত্যিই আছে। সেই হোটেলে থাকতে গেলে আপনাকে পাড়ি দিতে হবে কাতারে (Qatar)। সম্প্রতি এমন হোটেল তৈরি হয়ে ওই দেশে। যা বাইরে থেকে দেখতে দু'টি খোলা তলোয়ার সামনাসামনি দাঁড় করানো। তলোয়ার-রূপী এই হোটেলটি তৈরি হতে মোট ৫ বছর সময় লেগেছে ডিজাইনারদের।
এই মুহূর্তে বিলাসবহুল আকাশচুম্বী হোটেলের অন্যতম ঠিকানা কাতার। প্রসঙ্গত, কাতারের জাতীয় চিহ্নের মধ্যে ঠিক এমনই দুই মুখোমুখি তলোয়ার রয়েছে। 'কাতারা টাওয়ার' নামের এই হোটেলটিও সেই আদলেই তৈরি করেছেন নির্মাতারা। দোহা'র এই নতুন হোটেলটির দু'টি অংশ বানিয়েছেন দুই আন্তর্জাতিক সংস্থা ফেয়ারমন্ট এবং দ্য র্যাফলস। প্রতিটি ভাগ প্রায় ৩ লক্ষ বর্গমিটার জায়গা নিয়ে তৈরি।
২০২২ এর নভেম্বরে কাতারে ফুটবল বিশ্বকাপের সময়ে একাধিক হোটেল তৈরি হয়েছে। এই তালিকায় এবার নবতম সংযোজন কাতারা টাওয়ার। ৪০ তলা এই হোটেলটির উদ্বোধনের পর থেকেই এখানে পর্যটকের ভিড় উপচে পড়ছে। এই হোটেলের পরিষেবাও উন্নতমানের বলে জানাচ্ছেন পর্যটকরা। কাতার এই মুহূর্তে সারা পৃথিবীর পর্যটকদের কাছে নতুন বেড়ানোর ডেস্টিনেশন। সেখানে 'কাতারা টাওয়ার'ই যে পর্যটকদের প্রথম পছন্দ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।