জেন জি প্রজন্মের ভ্রমণ তালিকায় এখন অ্যাস্থেটিক পণ্ডিচেরি। ফরাসি ঘরানার ভিলা, ক্যাফে কালচার, অরোভিলের শান্তি থেকে শুরু করে সমুদ্রসৈকতের রোম্যান্স—পণ্ডিচেরি হয়ে উঠেছে নতুন প্রজন্মের প্রিয় গন্তব্য। যাওয়ার আগে জেনে নিন শহরের খুঁটিনাটি।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 September 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: শহরের কোলাহল আর ব্যস্ততায় যখন বিরক্তি লাগে, তখনই খোঁজ পরে নিরিবিলি জায়গার। পুদুচেরি বা পণ্ডিচেরি (Pondicherry) সেক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ থাকে। বহু সময়েই এই উপকূল শহরটিকে কেবলমাত্র ইনস্টাগ্রামের রঙিন ছবির জন্য আদর্শ ব্যাকড্রপ বলে মনে হয়।
কিন্তু পণ্ডিচেরি শুধু প্যাস্টেল রঙের ভিলা আর ধোঁয়া ওঠা কফির কাপেই সীমাবদ্ধ নয়। এর ভিতরে লুকিয়ে রয়েছে ইতিহাস। তাই সাজানো ছবির বাইরে গিয়ে আসল অভিজ্ঞতা পেতে চাইলে, পণ্ডিচেরি যাওয়ার আগে (Travel Pondicherry) কয়েকটা জিনিস মনে রাখতে হবে।
পুদুচেরি নামে সরকারিভাবে পরিচিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটির চারটি আলাদা জেলা রয়েছে, পুদুচেরি ও করাইক্কাল, যেগুলি তামিলনাড়ুর সীমানায়; মাহে, যা ঘেরা কেরল দ্বারা; আর ইয়ানম, যা রয়েছে অন্ধ্রপ্রদেশের ভেতরে। ফলে আকারে ছোট হলেও পুদুচেরির সংস্কৃতিগত বৈচিত্র্য বিস্তর। এখানে একদিকে ফরাসি উপনিবেশের ছোঁয়া, অন্যদিকে তামিল ঐতিহ্যের মিশেল, তার উপর যোগ হয়েছে আরামপ্রিয় উপকূল জীবনের আবহ।

পণ্ডিচেরির অন্যতম আকর্ষণ অরোভিল। মানব ঐক্য, আধ্যাত্মিকতা ও টেকসই জীবনযাত্রার আদর্শে গড়ে ওঠা এই টাউনশিপ কেবলমাত্র ছবি তোলার জায়গা নয়। এখানে সাইকেলে করে সবুজে ঘেরা পথ ঘোরা যায়, মাটির জিনিসপত্র তৈরি করার ক্লাসে যোগ দেওয়া যায়, কিংবা জৈব খাদ্য পরিবেশন করা ক্যাফেতে বসে অভিজ্ঞতা নেওয়া যায় অন্যরকম জীবনের।
শহরের ক্যাফে কালচারও অনন্য। ইনস্টাগ্রাম-বান্ধব সাজসজ্জার বাইরে গিয়ে প্রকৃত মাধুর্য লুকিয়ে রয়েছে খাবারে। মাখন-মাখা ক্রোয়াসাঁ, উড-ফায়ার্ড পিৎজা, জেলাটো— সবেতেই ফরাসি ও তামিল প্রভাবের মেলবন্ধন। এক দিকে সি-ফুডে ভরা ক্রেপ, অন্যদিকে ফিল্টার কফি দিয়ে তৈরি ডেজার্ট— এটাই পণ্ডিচেরির বিশেষত্ব।

শহরের ফরাসি কোয়ার্টার তার রঙিন ভিলা আর কাগজ ফুলের ছাউনির জন্য বিখ্যাত হলেও তামিল কোয়ার্টারের স্বাদ একেবারেই আলাদা। হেরিটেজ ওয়াকের মাধ্যমে এই দুই চত্বর ঘোরা যায়, যেখানে একদিকে উপনিবেশ যুগের গির্জা, অন্যদিকে সরগরম বাজার আর তামিল বাড়ির বারান্দা— এভাবেই মিলে যায় ফরাসি শাসনকালের ইতিহাস আর স্থানীয় সংস্কৃতি।
আধ্যাত্মিক শান্তি পেতে চাইলে ভরসা রাখা যায় শ্রীঅরবিন্দ আশ্রমের উপর। এখানে ছবি তোলার অনুমতি নেই, কিন্তু যা পাওয়া যায় তা অনেক মূল্যবান, নীরবতা। দর্শনার্থীরা এখানে ধ্যান করেন, দর্শনচর্চায় মগ্ন হন।

শহরের সমুদ্রসৈকতও আলাদা আকর্ষণ। সেরেনিটি বিচ সার্ফারদের স্বর্গরাজ্য, প্যারাডাইস বিচে যেতে নৌকায় যাত্রাই এক অভিযান, আর রিপ্পো বিচে এক কাপ চায়ের সঙ্গে সমুদ্র দেখা এক অনন্য অভিজ্ঞতা।
পণ্ডিচেরিতে কেনাকাটা মানেই কেবল স্মারক নয়। এখানে হাতে তৈরি জিনিস, টেরাকোটার জিনিস, প্রাকৃতিক তেল, হ্যান্ডলুম কাপড়, সবই পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই স্থানীয় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী এগুলি তৈরি করে।

থাকার ব্যবস্থাতেও রয়েছে নানা বিকল্প। হস্টেল বা গেস্টহাউস থেকে শুরু করে বিলাসবহুল হেরিটেজ হোটেল, এমনকি সমুদ্রতটের পাশে রিসর্ট, সব রকম বাজেটের ভ্রমণকারীর জন্যই কিছু না কিছু রয়েছে।
খাবারে ফরাসি ও তামিল রন্ধনের মিশ্রণ বিশেষত্ব। একদিকে সি-ফুড কারি, ধোসা, প্রন ফ্রিটার্স, অন্যদিকে ক্রসঁ, বাগেট, কুইচ। পণ্ডিচেরির নিজস্ব ক্রিয়োল রান্না, এই দুইয়ের এক অনন্য সমন্বয়।

রাতের পণ্ডিচেরি শান্ত অথচ ছন্দময়। সমুদ্রতটের বার, ছাদের ক্যাফে আর লাউঞ্জ মিলে গড়ে ওঠে স্বচ্ছন্দ রাতের জীবন। প্রোমেনাডে হাঁটা কিংবা হোয়াইট টাউনের ওয়াইন বার— প্রতিটিই আলাদা আবহ তৈরি করে।
শহরের আশপাশে একদিনের ভ্রমণও জমে উঠতে পারে। প্রায় ১০০ কিমি দূরে মহাবলীপুরম ইউনেস্কো হেরিটেজ মন্দিরের জন্য বিখ্যাত। প্রায় ৬৫ কিমি দূরের চিদম্বরম তার নটরাজ মন্দিরের জন্য প্রসিদ্ধ। আবার জিঞ্জি ফোর্টকে বলা হয় ‘পূর্বের ট্রয়’।
কত টাকা লাগতে পারে পণ্ডিচেরি যেতে?
ভ্রমণের বাজেট নিয়েও চিন্তা কম। হোস্টেলে রাত প্রতি ৬০০–৮০০ টাকা, বুটিক হোটেলে ৩,০০০–৬,০০০ টাকা। খাবার রাস্তার দোকানে ১০০–১৫০ টাকায়, আবার ক্যাফেতে ৪০০–৬০০ টাকায় মেলে। গড়ে দিনে ২,০০০–৩,০০০ টাকায় স্বচ্ছন্দে ঘোরা যায়।

কোন সময় যাবেন?
অক্টোবর থেকে মার্চই পণ্ডিচেরি ভ্রমণের সেরা সময়। গ্রীষ্মে গরম, বর্ষায় ভিজে স্যাঁতসেঁতে হলেও শীতকালে আবহাওয়া থাকে অনুকূল।
কীভাবে পৌঁছবেন?
পণ্ডিচেরি পৌঁছনোর জন্য বিমান, সড়ক ও রেল-তিনটিই সুবিধাজনক। পুদুচেরি বিমানবন্দর শহরের কেন্দ্র থেকে মাত্র ৬ কিমি দূরে। আবার চেন্নাই থেকে ইস্ট কোস্ট রোড ধরে যাত্রা এক অনন্য অভিজ্ঞতা।