
শেষ আপডেট: 21 January 2024 14:37
দ্য ওয়াল ব্যুরো: গরমকালে বিয়ে ভাল নাকি শীতকালে, এই নিয়ে নানা মতভেদ থাকলেও শীতকালের বিয়ে নিমন্ত্রিতদের পক্ষে খানিকটা স্বস্তির। খাওয়া দাওয়ায় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা কম আর সাজগোজের দিক থেকেও বঙ্গের শীত বেশ সুবিধাজনক।
বিয়েবাড়ির সাজ একটু জাঁকজমক হলেই ভাল তবে অনেকের আবার পছন্দ ক্লাসি লুক। সে যার যা পছন্দ হোক না কেন শীতকালে বিয়েবাড়ি পড়লে শুধু স্টাইলের কথা মাথায় রাখলেই চলবে না, যাতে ঠান্ডা না লাগে সেই দিকেও নজর রাখতে হবে। তাই অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরুন বা ড্রেস, স্টাইল করার সময় এগুলো মাথায় রাখতে হবে।
যদি ট্র্যাডিশনাল লুক আপনার পছন্দ হয় তাহলে ফুলহাতা ঠাসা জরির কাজের ব্লাউজের সঙ্গে পরতে পারেন বেনারসি বা কাঞ্জিভরম। সুন্দর একটা কস্টিউম জুয়েলারির সেট পরে নিন, সঙ্গে খোপা করে পছন্দের ফুল বেঁধে নিলেই কেল্লাফতে।
এখন বিয়েবাড়ির ফ্যাশনে খুব চলছে শাড়ির সঙ্গে লং কোট। দেখতেও যেমন আধুনিক লাগে তেমনই শীতের হাত থেকেও বাঁচোয়া। যেকোনও ধরনের শাড়ির সঙ্গে এক রঙের লম্বা কোট খুব ভাল মানায়। একটু সিলভার বা জাঙ্ক জুয়েলারির সঙ্গে পেয়ার আপ করে পরতে পারেন এই কম্বো।
এছাড়া আপনি যদি শাড়ি সামলাতে না পারেন তাহলে ড্রেস পরেও যেতে পারেন। ওয়েস্টার্ন হোক বা ট্র্যাডিশনাল, আপনার পছন্দ এবং বিয়েবাড়ির থিম অনুযায়ী বেছে নিন একটি সুন্দর ড্রেস। গোল্ডেন প্লেটেড জুয়েলারি বা সিলভার জুয়েলারি দিয়ে তো পরতেই পারেন কিন্তু এখন বেশ মিনিমাল জুয়েলারির চল রয়েছে ফলে ওয়েস্টার্ন স্টাইলের জামাকাপড় পরলে মিনিমাল জুয়েলারি হতে পারে আপনার সঙ্গী।