
শেষ আপডেট: 7 November 2023 19:22
দ্য ওয়াল ব্যুরো: 'আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা...
আসছে আলোর উৎসব। ধনতেরস থেকে ভাইফোঁটা আমাদের জীবনকে আনন্দের আলোয় ভরে দেয়। তাই আমরা ঘরবাড়ি সাজিয়ে তুলি রঙের আলপনায়, আলোয় আলোয়।
এই ধরুন দীপাবলির সময় আপনি পাড়া দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন প্রত্যেকটা বাড়ির জানলা বা বারান্দা নানা রকম আলোতে সেজে উঠেছে। পুরো পাড়াটা যেন আলোর উৎসবে মেতে উঠেছে। একটু হলেও মনটা নেচে উঠে না কী? তখন নিশ্চয় আপনারও মনে হয় নিজের বাড়িটাও যদি আলো দিয়ে সাজানো যেত তাহলে মন্দ হত না। আপনি কী জানেন এমন অনেক আলো আছে যা আপনার মনোযোগ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এবছর দীপাবলিতে কী কী আলো দিয়ে ঘর সাজাবেন ভেবেছেন? কোথায় কিনতে পারবেন নতুন ধরনের সব আলো সেই সবকিছুর উত্তর রইল এখানে।
প্রথমেই বলি এবারের বাজারে কী ধরনের আলো বেশি দেখা যাচ্ছে। বাজারে গেলে পাবেন নানা সাইজের মাটির প্রদীপ। এমনকি এবারে বাজারে হ্যাঙ্গিং প্রদীপও বেশ ভালই দেখা যাচ্ছে। রয়েছে নানা রকমের ফেয়ারি লাইটসও যেমন, চকমকি তারা ফেয়ারি লাইটস, বাল্ব ফেয়ারি লাইটস আরও অনেক কিছু। এছাড়া বাজারে রয়েছে অতি প্রচলিত টুনি বাল্ব। বাড়ির বারান্দাটা ফেয়ারি লাইটস দিয়ে সাজালে কিন্তু বেশ একটা উষ্ণ আলোর প্রভাব পাওয়া যায়। টুনি লাইটের চেন কিনে এনে ঘরের জানলার রেলিং বরাবর সাজাতে পারেন। খোলা বারান্দা হলে ঝুলিয়ে দিতে পারেন আলোর চেন। এছাড়া পাবেন ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন ধরনের মান্ডালা চিত্রের ওয়াল হ্যাঙ্গিং, মাটির উপর নকশা করা নানা ধরনের আলো রাখার শোপিস।

এবার বলি কোথায় গেলে পাবেন রকমারি আলোর বাজার। গড়িয়াহাট চত্বরে নেমে ফুটপাত ধরে হাঁটলে দেখবেন সারি সারি দোকান। কোনটা ছেড়ে কোনটা কিনবেন বুঝে উঠতে উঠতে দেখবেন পাশে আরেকটা দোকান। আর একটা জায়গার কথা বলি। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ স্টেশনের ফুটপাথে রয়েছে বেশ কিছু দোকান। কালেকশনও বেশ ভালো। সেখানেও নানা ধরনের কৃত্তিম আলো থেকে শুরু করে মাটির প্রদীপ পাওয়া যাচ্ছে।
উত্তর কলকাতার হাতিবাগান থেকে শ্যামবাজার দুদিকের ফুটপাথ জুড়ে আলোর আয়োজন। ছোট্ট ছোট্ট ব্যাটারি ভরা প্রদীপ জ্বলবে একটা ক্লিকে। খুব নতুন ধরনের ডিজাইনে তৈরি প্রদীপও এসেছে বাজারে। তেল সলতের দরকার নেই , মোমেই জ্বলবে কয়েক ঘন্টা। ৩০ টাকা থেকে ৫০ টাকা ডজনে পাবেন। বারান্দায় সার সার মোমবাতি জ্বালানো এক বিড়ম্বনা। বার বার হাওয়ায় নিভে যায়। একই এফেক্ট দেবে ব্যাটারির মোমবাতির সারি। ইলেকট্রিকাল মোমের সারিও পাবেন। সুইচ অন করলে জ্বলতে থাকবে। এক ডজনের সেট ৬০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। যাঁরা চিরাচরিত প্রদীপ জ্বালতে চান ধনতেরস আর ভূত চতুর্দশীতে, তাঁদের জন্য রয়েছে সোনালি রুপোলি রং করা, রঙবেরঙের স্টোনে সাজানো প্রদীপ। সঙ্গে রেডিমেড সলতে কিনে নিতে পারেন। শুধু তেল দিয়ে জ্বালিয়ে দিলেই হল।
দেওয়ালিতে অনেকেই ফ্ল্যাট বা বাড়িতে রঙ্গোলি করেন। ফুলের পাপড়ি আর রঙ দিয়ে করা এই আলপনার মাঝে প্রদীপ জ্বালিয়ে দিলে লুকটাই বদলে যায। ঘরে আসে উৎসবের আমেজ। সব বাজারেই রঙ্গোলির জন্য রঙ বিক্রি হচ্ছে। দাম ১৫ টাকা থেকে শুরু। সাদা সরু মোমের প্যাকেট কোয়ালিটি অনুযায়ী ২৫ টাকা থেকে ৫০ টাকা দামে পাবেন।

এবারের দীপাবলিতে আপনার বাড়িও সেজে উঠুক খুশির আলোতে।