
শেষ আপডেট: 5 November 2023 16:40
দ্য ওয়াল ব্যুরো: পেঁয়াজ রসুন দিয়ে কষা করে পাঁঠার মাংস তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু নিরামিষ মাংসের ঝোলের স্বাদ যে কতটা অপূর্ব হতে পারে সেটা অনেকেই জানেন না।
আপনার জন্য রইল এই নিরামিষ মাংসের ঝোলের রেসিপি।
উপকরণ -
মটন
নুন
হলুদ
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
শুকনো লঙ্কা গোটা
চিনি
সর্ষের তেল
কাঁচালঙ্কা
আদা
গোটা ধনে
গোটা জিরে
এলাচ
দারচিনি
লবঙ্গ
পদ্ধতি -
প্রথমেই মাংসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিন। তাতে শুধু নুন দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। এবার ধীরে সুস্থে মশলাগুলোকে তৈরি করে নিতে হবে। একটা বাটিতে ৪টে গোটা শুকনো লঙ্কা এবং একটা বড় শুকনো লঙ্কা একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিন। সঙ্গে গোটা জিরে আর গোটা ধনেটাও একটা বাটিতে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখুন।
এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নিন। তেল থেকে ধোঁয়া উঠলে নুন মেখে রাখা মাংসের টুকরোগুলো একে একে কড়াইতে দিয়ে দুপিঠ উল্টেপাল্টে লাল করে ভেজে তুলে নিন। এবার গোটা মশলাগুলো একে একে শিলে বা মিক্সিতে বেটে নিন। প্রথমে গোটা জিরে আর গোটা ধনে বেটে নিন। তারপর শুকনো লঙ্কা, এমনকী চেষ্টা করবেন গোটা গরম মশলাটাও শিলে বেটে নিতে।
এবার ওই মাংস ভাজার তেলেই বড় চামচের এক চামচ ঘি গরম করে নিন। তাতে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দুটো করে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। একটা ছোট বাটিতে এক টেবিল চামচ মত হিং নিয়ে সেটা একটু জলের সঙ্গে গুলে নিতে হবে। ফোড়নের মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে সেটাতে ওই হিং গোলা জলটা দিয়ে আবার নেড়েচেড়ে নিন। মনে রাখবেন, যেহেতু এই পদটি নিরামিষ তাই রসুনের জায়গায় এই হিং-এর ফ্লেভারে বেশ সুন্দর স্বাদ আসবে।
এবার তাতে শুকনো লঙ্কা বাটা, পরিমাণমতো হলুদ, ধনে জিরে বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা কষে এলে তাতে দিয়ে দিন আদা-লঙ্কা বাটা। ভালো করে নাড়াতে থাকুন, একটু পরে স্বাদমতো নুন দিন। এবার একটা বাটিতে বেশ কিছুটা টকদই নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কষতে থাকা মশলাতে ফেটিয়ে নেওয়া টকদইটা দিতে হবে। এবার মশলাটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিন। একটু তেল ছাড়লে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিন। তারপর পরিমাণমতো জল দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন যতক্ষন না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে।
এবার ঢাকনা খুলে কটা চেরা কাঁচালংকা, একটু ঘি আর বেটে রাখা গরমমশলা ভালো করে মিশিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন নিরামিষ মাংসের ঝোল।