
শেষ আপডেট: 20 December 2023 20:27
দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই নলেন গুড়ের সন্দেশ আর কমলালেবুর গন্ধ। শীতের দুপুরে নরম রোদ পিঠে নিয়ে মুখের মধ্যে মিষ্টি কমলালেবুর একটি কোয়া জীবনের স্বাদই বদলে দিতে পারে মুহূর্তের মধ্যে। কিন্তু সবসময় বা রোজ রোজ নয়। কয়েকদিন পর এই ভাল লাগা ফিকে হতে থাকে।
যখনই কমলালেবু একঘেয়ে লাগতে শুরু করবে, তখনই শীতকালের অন্যতম প্রধান স্টার কমলালেবু নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতেই পারেন। সেই এক্সপেরিমেন্টের একটা হল কমলালেবুর পায়েস। রইল তার রেসিপি।

প্রথমেই ৩ টে কমলালেবু নিয়ে সেটার খোসা ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নিন। খোসাটা ফেলে দেবেন না সেটাই আসল ফ্লেভার দেবে পায়েসে।
এবার গ্যাসে একটা পাত্রে দুধ গরম করতে বসান। দুধ ফুটে ওঠার আগেই হাফ কাপ দুধ অন্য একটা জায়গায় সরিয়ে রাখুন। এবার দুধ ফুটতে শুরু করলে তাতে খোয়া ক্ষীর আর এলাচ মিশিয়ে দিন। খুন্তি দিয়ে একবার নাড়িয়ে নিন, একটু অপেক্ষা করুন আবার ফুটে উঠলে দুধের মিশ্রণে দিয়ে দিন কনডেন্সড মিল্ক।
আলাদা করে সরিয়ে রাখা দুধের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিন। সেটা পায়েসের মিশ্রণে দিয়ে দিন। আঁচটা মাঝারি রেখে নাড়াতে থাকুন। পরিমাণমতো চিনি দেওয়ার পর একবার ঘন ফুটিয়ে নিন। ঘন দুধের মিশ্রণটা নামিয়ে ঠান্ডা হতে দিন।
দুধ ঠান্ডা হয়ে এলে তাতে কমলালেবুর খোসার জেস্ট দিয়ে দিতে হবে। হালকা হাতে গ্রেটারে কমলালেবুর খোসা ঘষে দিয়ে দিলেই হবে। তারপর ফ্রিজে আরও কিছুক্ষণ রেখে ভালমতো ঠান্ডা করে নিন। এই পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই ভাল লাগে।
উপর থেকে টুকরো করা কমলালেবুর কোয়া আর কুচোনো কাজু কিশমিশ আমন্ড ছড়িয়ে পরিবেশন করুন কমলার পায়েস। অন্যরকম এই রেসিপি বানিয়ে খেতে ভুলবেন না কিন্তু।