
শেষ আপডেট: 10 January 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের রূপ এমনিই ঘণ্টার পর ঘণ্টা বসে উপভোগ করা যায়। আর সেটা যদি হয় পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সারি সারি ফুলের উপত্যকা তাহলে তো কথাই নেই। এমন সৌন্দর্য চোখে দেখলেও তা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনার জন্য রইল এমন কিছু ফুলের উপত্যকার সন্ধান যেখানে গেলে মনে হবে আপনি স্বর্গের নন্দন কাননে এসে পৌঁছেছেন।
ভ্যালি অফ ফ্লাওয়ারস
উত্তরাখণ্ডের খুব জনপ্রিয় ট্রেক ডেস্টিনেশন এটি। পাহাড় এবং ফুল দুটোই ভালবাসেন এমন ভ্রমণপ্রেমী মানুষের কাছে স্বর্গ এই ফুলের উপত্যকা। কমবেশি মোট ৬০০ এর বেশি নানারকম ফুলের প্রজাতি দেখতে পাওয়া যায় এখানে। বিভিন্ন ধরনের অর্কিড, ডেইজি, অ্যানিমোনসের মতো আরও রঙবেরঙের ফুলের দেখা পাবেন এখানে। যেদিকেই তাকাবেন সেদিকেই ফুলের চাদর। তাছাড়া বিরল প্রজাতির রডোডেনড্রনও দেখতে পাবেন। ভ্যালি অফ ফ্লাওয়ারস যাওয়ার সেরা সময় মে থেকে অক্টোবর মাস।


টিউলিপ গার্ডেন
আগে নাম ছিল সিরাজ বাগ, এখন নাম হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত এই বাগান এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন। বিভিন্ন প্রজাতির টিউলিপের দেখা মিলবে এই ফুলের ঘাঁটিতে। প্রত্যেক বছর মার্চ মাসের শেষের দিকে এই বাগান খুলে দেওয়া হয় দর্শকের জন্য। বেগুনি, গোলাপি রঙে ছেয়ে থাকা এই ভ্যালির শোভা ভাষায় প্রকাশ করা মুশকিল।


ইয়ামথাং ভ্যালি
চারপাশ ঘেরা পাহাড় আর সবুজে। মাঝে মাঝে উঁকি দিচ্ছে বিভিন্ন রঙের ফুলের বাগান। লাচুং গ্রামের মধ্যে রয়েছে ইয়ামথাং ভ্যালি। নির্দিষ্ট কোনও ফুলের জন্য এই উপত্যকা জনপ্রিয় না হলেও পাহাড়ি ফুলের সমারোহ দেখলে বারবার এখানে যেতে মন চাইবে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই ভ্যালি পাহাড়প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।


জুকাও ভ্যালি
শহরের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত এই জায়গা। নাগাল্যান্ড আর মণিপুরের সীমান্তের কাছে রয়েছে এই জুকাও ভ্যালি। অনেক কম মানুষই জানেন এই ভ্যালির ব্যাপারে ফলে বেশি লোকজনের পা এখনও পড়েনি এখানে। গোটা বিশ্বের মধ্যে একমাত্র এই জায়গায় দেখা মেলে এক বিরল প্রজাতির লিলি ফুলের। শুধু তাই নয় এখানে লিলি ছাড়াও রয়েছে অ্যাকোনিটাম, রডোডেনড্রন এবং ইউফোর্বিয়স।


কাস মালভূমি
মহারাষ্ট্রের সাতরা জেলার একটি জায়গা হল এই কাস মালভূমি। অত্যন্ত বিরল প্রজাতির ফুল 'কাসা'র নামে নামকরণ করা হয় এই ঘাঁটির। এখানকার সৌন্দর্য বিদেশের বড় বড় ভ্যালির সৌন্দর্যকেও হার মানাবে।

