
বইপ্রকাশ অনুষ্ঠানে মানবী বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 19 June 2024 23:23
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ম্যারিয়টের ফেয়ারফিল্ডে কাহাক প্রকাশনীর তরফ থেকে আয়োজন করা হয় বুক লঞ্চের। শুধুমাত্র বুক লঞ্চই নয়, আয়োজন করা হয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও।
এই অনুষ্ঠানে সিনেমা জগতের বেশ কিছু পরিচিত মুখের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ডিআইজি ট্রাফিক অমিতাভ বর্মা, ঢোলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল তথা দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ ডঃ মানবী বন্দ্যোপাধ্যায়, ইনকাম ট্যাক্স কমিশনার শুভেন্দু দত্ত।
একই সঙ্গে অনুষ্ঠানে দেখা যায়, পরিচালক পথিকৃৎ বসু, অভিনেতা সন্দীপ চক্রবর্তী, অনিন্দিতা সরকারকে।
কাহাকের প্রতিষ্ঠাতা কবিতা সাহা ও কাহাক ভেঞ্চারের সিইও-ডিরেক্টর লাবণ্য মজুমদার। বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করে চলেছে কাহাক প্রকাশনী। এই পুরস্কার বিতরণী বিভাগকে তিনভাগে ভাগ করা হয়েছিল। রিডার্স চয়েস, পাবলিশার্স চয়েস এবং ক্রিটিক্স চয়েস।
কী লক্ষ্য কাহাক প্রকাশনীর? সংস্থার চেয়ারপার্সন আদীপ্ত মজুমদার জানিয়েছেন, বাংলা সাহিত্য নিয়ে বরাবরই কাজ করতে মুখিয়ে থাকেন তাঁরা। আগামী দিনে আরও বিস্তৃতভাবে বাংলা সাহিত্যকে মানুষের দরবারে তাঁরা তুলে ধরতে চান কাহাক প্রকাশনীর মাধ্যমে। অন্যদিকে, কাহাক পাবলিশিংয়ের চিফ এডিটর মিতা ঘোষের বক্তব্য, কাহাক একদিন মহীরুহ হবে, এই স্বপ্ন দেখেন তিনি।
ডঃ মানবী বন্দ্যোপাধ্যায় এমন এক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত। মানবী জানান, কাহাকের কাছে চিরকৃতজ্ঞ কারণ কাহাক বাংলা সাহিত্যকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।