
শেষ আপডেট: 2 January 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: ভোজনরসিক হিসেবে খ্যাতি আছে বাঙালির। উৎসব, অনুষ্ঠান হলেই হল, নানা পদের খাবার চাই। এমনকী বইমেলাতে গিয়েও মানুষ ভিড় করেন সেই খাবারের স্টলেই। কোনও মেলাতে গিয়ে ভিন্ন স্বাদের খাবারের খোঁজ পড়ে সর্বত্র। এবার কলকাতায় গোটা একটা মেলাই বসছে শুধু ভোজনের জন্য!
দুর্গাপুজোর সময় বহু মানুষের সেরা পুজো দেখার তালিকায় বেহালা থাকেই। আর সেই বেহালাতেই অন্যতম পুজো 'বেহালা ক্লাব'। এবার সেই ক্লাব প্রাঙ্গণের মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে খাদ্য মেলা। ৫ বছর পেরিয়ে ৬-এ পা দিতে চলেছে 'পেট পুজো সিজন ৬'।
এই জমজমাটি খাওয়া দাওয়ার মেলা শুরু হবে জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে। চলবে ৭ তারিখ পর্যন্ত। বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত যখন খুশি যান আর পেট পুরে খাওয়া দাওয়া করুন।
এই 'পেট পুজো'র মেলাতে থাকছে বিভিন্ন খাবার মিলিয়ে প্রায় ৫০টি স্টল। মণ্ডামিঠাই থেকে বিরিয়ানি সবই থাকছে এই মেলায়। বিভিন্ন ধরনের মুখোরোচক স্ন্যাকস, মিষ্টি থেকে শুরু করে মোঘলাই খানা, পিঠেপুলি সবই পাবেন। নিজেও চেখে দেখতে পারেন, বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন।
শুধু খাওয়া-দাওয়া নয়। সুযোগ আছে খেতে খেতে গান শোনারও! মেলা প্রাঙ্গণেই আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শোনা যাবে লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত ছাড়াও বিভিন্ন স্বাদের গান। শহরের নানা নামীদামি ব্র্যান্ড এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে।