
শেষ আপডেট: 5 May 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিলস, অর্থাৎ কিনা পাহাড়ের রানি। জীবনে একবার অন্তত দার্জিলিং যাননি, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। শুধু বাঙালিরাই নয়, সারা ভারতের, এমনকী, বিদেশে ভ্রমণ পিপাসুদের কাছেও পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে অন্যতম নাম দার্জিলিং। শীত-গ্রীষ্ম-বর্ষা, আজকাল সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে সেখানে। আর সেই কারণেই আজকাল পাহাড়ের রানির জনপ্রিয়তায় ভাগ বসাচ্ছে আশেপাশের ছোটখাটো বেশ কিছু পাহাড়ি গ্রাম। তেমনই একটি হল পানবুদারা (Panbudara Travel guide)। দার্জিলিং ঘুরে নিয়ে সেখান থেকে ফেরার পথেই দু-রাত কাটিয়ে নিতে পারেন অফবিট এই জায়গায় (offbeat travel destination)।

কাঞ্চনজঙ্ঘাপ্রেমী বাঙালির কাছে বেড়ানোর অন্যতম ঠিকানা হয়ে উঠতে পারে এই পানবুদারা। ৫ হাজার ৫৫০ ফুট উচ্চতায় অবস্থিত নিরিবিলি এই পাহাড়ি গ্রামের পাদদেশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা তিস্তা। আর ঠিক উপরেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পানবুদারা ভিউপয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় (Kanchenjunga 360 degree view)। ছোট্ট গ্রামটিতে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়েছে নিজেকে। ভিউপয়েন্ট থেকে সাদা বরফে ঢেকে থাকা কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা। নীচে সর্পিল গতিতে বয়ে যাচ্ছে তিস্তা। বার্ডস আই ভিউ থেকে গোটা শিলিগুড়ি শহর ধরা পড়বে চোখে। সন্ধে হলেই পাহাড়ের খাজে খাঁজে জ্বলে উঠবে আলো। সেই নয়নাভিরাম দৃশ্য ক্যামেরাবন্দি তো করতে পারবেন বটেই, চাইলে শুধুই দু-চোখ ভরে দেখে রেখে দিতে পারবেন মনের গহীনে। এছাড়া সেবক রেলসেতু এবং ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজও দেখতে পাবেন পানবুদারা থেকে।

কলকাতা কিংবা অন্যান্য এলাকা থেকে যেতে চাইলে ট্রেনে কিংবা বাসে আগে পৌঁছাতে হবে শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে পানবুদারার দূরত্ব ৭৩ কিলোমিটার। রম্ভিবাজার হয়ে আসা যায় এখানে। তবে কালিঝোরার রাস্তা ধরে গেলে দূরত্ব কিছুটা কম হবে।

অফবিট গন্তব্য হলেও পানবুদারাতে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। পর্যটন মানচিত্রে আস্তে আস্তে জায়গা করে নেওয়ার কারণেই ধীরে ধীরে সেখানে গজিয়ে উঠছে একাধিক হোমস্টে, হোটেল। এছাড়া ক্যাম্পিংয়ের বন্দোবস্তও রয়েছে।

মে মাস পড়ে গেছে। ইতিমধ্যেই বাঙালিরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে শুরু করেছেন। হাতে কয়েকদিনের ছুটি থাকলে শহুরে কোলাহল থেকে দূরে পানবুদারাতে ঘুরে আসতেই পারেন। সিকিম কিংবা দার্জিলিংয়ে দিনকয়েক থেকে সেখান থেকে ঘুরেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটিতে এসে কাটাতে পারেন দুটো দিন। কাছেই রয়েছে চারখোল, ডেলো পাহাড়, দূরপিনদারা, ঝান্ডিদারার মতো জায়গা। সাইট সিয়িং হিসেবে সেখান থেকেও ঘুরে আসার সুযোগ তো থাকছেই।
কলকাতার উপকণ্ঠেই বিশ্বযুদ্ধের ইতিহাস বয়ে নিয়ে চলেছে পরিত্যক্ত এয়ারফিল্ড! ঘুরে আসুন সপ্তাহান্তে