
মাটন চাপলি কাবাব
শেষ আপডেট: 20 May 2024 14:05
ছুটির দিন সন্ধেবেলা একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে সকলেরই। অথচ প্রতি উইকএন্ডে তো আর রেস্তরার খাবার আনিয়ে খাওয়া সম্ভব নয়। বাড়িতেই যদি তৈরি করে ফেলা যায় রেস্তরার পদ তাহলে কেমন হয়? বাড়ির ছোট থেকে বয়স্ক মানুষ সকলেই খেতে পারবেন এমন একটা কাবাবের রেসিপি রইল আজ।
মাটন চাপলি কাবাব
• উপকরণ
৪০০ গ্রাম মাটন
পেঁয়াজ ৩ টি মিহি করে কাটা
আদা, রসুন পেস্ট ১/২ + ১/২ চা চামচ
জোয়ান ১/২ চা চামচ
ধনে, জিরে ১/২ +১/২ চা চামচ
গোলমরিচ ৪ টি
গরমমশালা ১/২ চা চামচ
লঙ্কা কুচনো ৩ টি
ধনেপাতা কুচনো পরিমাণ মতো
১ টি ডিম
ছোলার ছাতু ২ টেবিল চামচ
ঘি ৫০ গ্রাম
• প্রণালী
মটন কিমা ৪০০ গ্রাম মিহি করে বেটে নিয়ে একটি পাত্রে রাখতে হবে। পেঁয়াজও মিহি করে কেটে মটন কিমার মধ্যে মেশাতে হবে। ধনে, জিরে, গোল মরিচ প্যানে গরম করে গুঁড়ো করতে হবে। সব রকম মশলা ও ডিম, ছাতু, লবণ, ২ চামচ ঘি, ধনেপাতা, আদা রসুন পেস্ট, জোয়ান, লঙ্কা কুচনো দিয়ে খুব ভাল করে মাখতে হবে।
মাখা মাটন এক ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে। হাতের সাহায্যে গোল গোল আকারে কাবাব বানিয়ে রাখতে হবে। ননস্টিক ফ্রাই প্যানে গড়ে রাখা কাবাবগুলো ভেজে নিতে হবে। চিলি গার্লিক সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।