
কেশর বাদাম ফিরনি
শেষ আপডেট: 10 June 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো: জামাইষষ্ঠীতে বাঙালি বাড়িতে একাধিক সুস্বাদু সব রান্নাবান্না হয়। কারণ একটাই, জামাই বাবাজীবনের অধিক যত্ন। সকাল থেকেই শুরু হয়ে যায় তার তোড়জোড়। ডাল, নানারকমের ভাজা, পাঁচমেশালি তরকারি, কাতলা কালিয়া, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, কষা মাংস, চাটনি ...আরও জামাই-পসন্দ নানা পদ।
খাওয়াদাওয়া তো আর এই রকম ভাবে শেষ করলে হবে না, শেষ পাতে তো মিষ্টি কিছু চাইই। না রসগোল্লা, সন্দেশ, লেডিকিনির মতো বাহারি মিষ্টি তো আছেই, তবে আপনি যদি চান আপনার জামাইকে খাইয়ে কুপোকাত করে দিতে তাহলে চট করে বানিয়ে নিতে পারেন কেশর বাদাম ফিরনি। চলুন জেনে নিই সহজ রেসিপি।
উপকরণ
ফুল ফ্যাট দুধ (১লিটার)
আমন্ড বাদাম (২৫টা)

এলাচ (৫টা)
রাইস (৪ কাপ)
স্যাফরন (একদম সামান্য)
চিনি (হাফ কাপ)

পদ্ধতি
আগের দিন রাতে ২৫টা আমন্ড বাদাম ভিজিয়ে রাখুন। ফিরনি তৈরি শুরু করার আগেই আপনাকে ৪ চামচ চাল অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এবার একটা প্যানে ১ লিটার দুধ গরম করতে বসিয়ে দিন। প্রথম দিকে আঁচ বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আঁচ কমিয়ে দিন। এবার ভিজিয়ে রাখা বাদামের খোসা ছাড়িয়ে সেই ২৫টা আমন্ড, এলাচ আর কয়েকচামচ দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
ফুটতে থাকা দুধের মধ্যে এই পেস্টটা দিয়ে দিন তারপর আরও ৫ থেকে ৭ মিনিট মতো ফোটান। এবার ভিজিয়ে রাখা চাল থেকে জল ঝরিয়ে সেটাও বেটে নিন তারপর চালের যে পেস্ট সেটাও ফুটতে থাকা দুধের কড়াইতে যোগ করে দিন। সবসময় নাড়াতে থাকতে হবে যাতে দুধের সঙ্গে সব পেস্টগুলো ভালমতো মিশে যায়।
কয়েকটা কেশর হাতে নিয়ে একটু ডলে সেটা দুধের মধ্যে দিয়ে দিন। এবার ফোটাতে থাকুন যতক্ষণ না দুধটা ফুটে পুডিং-এর মতো দেখতে হয়ে যাচ্ছে। এবার পরিমাণ মতো চিনি যোগ করে যতক্ষণ না চিনি গুলে যাচ্ছে ততক্ষন পর্যন্ত নাড়াতে থাকুন। এবার গ্যাস বন্ধ করে পুরোটা একটু ঠান্ডা হতে দিন। এবার সেরামিকের বাটিতে অল্প অল্প করে ফিরনি ঢেলে দিন। তারপর অন্তত ২-৩ ঘণ্টা সেটা ফ্রিজে রেখে দিন।
খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে উপর দিয়ে কুচো করে রাখা আমন্ড আর অল্প একটু কেশর ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কেশর বাদাম ফিরনি।