
শেষ আপডেট: 8 January 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: শরীরের আর বাকি অঙ্গ প্রত্যঙ্গের মত লিভারের খেয়াল রাখাও খুব জরুরি। এমন অনেক সবজি আছে যেগুলো খেলে আপনার শরীরের রক্ত পরিষ্কার থাকবে এবং ভাল থাকবে আপনার লিভারও। বয়সে বড়রা নিজেদের শরীরের খেয়াল রাখতে পারলেও ছোটরা সেটা পারে না। তাই আপনার বাড়ির ছোটদের লিভারের খেয়াল আপনাকেই রাখতে হবে।
চিন্তিত হয়ে পড়ার কিছু নেই। বাড়িতে রোজ যা সবজি আসে তার মধ্যে থেকেই এই ৫ সবজি বাচ্চার খাওয়ার পাতে রাখলে ভাল থাকবে লিভার। এমনকী এই সবজিগুলো বাচ্চাদের ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের মত রোগের হাত থেকেও মুক্তি দেবে।
ব্রকোলি
বিশেষজ্ঞদের মতে এই ব্রকোলি হল একটি সুপারফুড। এই সবজিতে যে কেবল প্রচুর পরিমাণে ফাইবার আছে তা নয় এই সবজিতে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ। ব্রকোলিতে থাকা ফাইবার যেমন লিভারের হাল ফেরাতে সাহায্য করবে তেমনই বাড়িয়ে তুলবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

গাজর
এমনিতেই মা -বাবারা চেষ্টা করেন বাচ্চাদের পাতে কোনও না কোনওভাবে একটা হলেও সবজি অন্তর্ভুক্ত করার। উপকারী সবজিগুলোর মধ্যে গাজর হল অন্যতম। ভিটামিন-এ তে ভরপুর এই সবজি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। তাছাড়া গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের জ্বালাভাব দূর করতে সাহায্য করে। নিয়মিত গাজর বাচ্চাকে খাওয়াতে পারলে উপকার পাবেন সেটা নিশ্চিত।
![]()
ফুলকপি- বাঁধাকপি
ব্রকোলির চল এসেছে অনেক পরে, তার আগে ছিল ফুলকপি এবং বাঁধাকপির বাজার। আর শীতকালে ফুলকপি, বাঁধাকপির কোনও অভাব নেই বাজারে। খিচুড়ির মধ্যে দিয়ে দিন বা একটু ভাপিয়ে মাখনে টস করে খেতে দিন। বাচ্চাদের ডায়েটে এই ধরনের সবুজ সবজি রাখা উচিত।

উচ্ছে
তেতো খাবার বাচ্চাদের কোনওকালেই পছন্দ নয়। কিন্তু তেতো খাওয়া ছোটবেলা থেকেই বাচ্চাকে অভ্যেস করানো উচিত। উচ্ছেতে থাকা ভিটামিন এবং অন্যান্য খনিজ পদার্থ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। এছাড়া উচ্ছের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবিং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শরীরের ভিতরের জমে থাকা অনেক টক্সিন পদার্থ বের করে দিতেও সাহায্য করে।

লাউ
লাউ খেলে পেট ঠান্ডা থাকে এই কথা কমবেশি সকলেরই জানা। তবে অনেকেই জানেন না লাউয়ের মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট সহ নানা খনিজ উপাদান শরীরে গিয়ে রক্তের মধ্যে থাকা টক্সিন বের করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।
