.webp)
শেষ আপডেট: 17 December 2023 18:35
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শীতকাল বলতে মেরেকেটে দু’মাস। এমনিতেই এখন আবহাওয়ার খামখেয়ালিপনায় শীতের দিনে বৃষ্টি আর বৃষ্টির দিনে অনাবৃষ্টি হয়ে সব তালগোল পাকিয়ে গেছে। নিম্নচাপ, মেঘ, বৃষ্টি-বাদলা পেরিয়ে অবশেষে শহরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তাই যেকটা দিন শীতের আমেজ রয়েছে তার পুরোটাই উপভোগ করতে উন্মুখ বাঙালি।
এমনিতেই শীতকাল অল্পদিনের তাই শীতের ফ্যাশনও অল্পদিনের। তারমধ্যেই সোয়েটার, জ্যাকেট, টুপি, মোজার বাজার বসে গেছে শহরের অলিতে গলিতে। শীত চলে গেলে শীতের সব পোশাকও আবার সব আলমারিতে। তাই অনেকেই বেশি দামি শীতের পোশাক না কিনে অল্প দামের পোশাক কিনতে পছন্দ করেন। তাতে খরচাও কম হয় আবার নতুন ধরনের নানা ফ্যাশানেবল শীতের পোশাক পরে বেড়ানোও যায়।
অনেকেরই ধারণা শীতের দেশে অর্থাৎ দার্জিলিং, নেপাল, ভুটানে শীতের পোশাকের দাম কম। তাই পাহাড়ে ঘুরতে গেলেই অনেকেই সোয়েটার, জ্যাকেট কিনে আনেন। আপনি কি জানেন কম দামে ভাল শীতের পোশাক কিনতে আপনাকে বাইরে যেতে হবে না? কলকাতাতেই আছে সস্তায় শীতের পোশাকের মার্কেট। প্রত্যেক বছর শীতে বেশকিছু ভুটিয়ারা ব্যবসা করার জন্য কলকাতায় আসেন। এবছরেও তারা শীতের পোশাকের বিরাট সম্ভার নিয়ে হাজির হয়েছেন।
কলকাতার ওয়েলিংটন স্ট্রিটে রয়েছে এই শীতের পোশাকের খনি। ইতিমধ্যেই মার্কেট বসে গেছে এবং রমরমিয়ে চলছেও। মার্কেট চলবে জানুয়ারি মাস পর্যন্ত। সুদূর হিমাচল থেকে ভুটান, মোটামুটি সব পাহাড়ি এলাকা থেকেই ব্যবসায়ীরা এসেছেন কলকাতায় তাঁদের রকমারি শীতের পোশাকের পসরা নিয়ে। এখানে সোয়েটারের দাম শুরু মাত্র ৩০০ টাকা থেকে আর ভাল গরম জ্যাকেটের দাম ১০০০ টাকার আশাপাশে। অন্যদিকে হেদুয়া পার্কেও দেখতে পাবেন এমন গরম জামাকাপড়ের মার্কেট।