
ইন্ডোর প্ল্যান্ট
শেষ আপডেট: 28 March 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বেরোলে নার্সারিতে সারি সারি সবুজ গাছ দেখলেই মনটা কেমন কেমন করে ওঠে? সঙ্গে সঙ্গেই গোটাকয়েক কিনে বাড়িতে নিয়েও আসেন অনেকে। বাড়ির ছোট্ট বারান্দায় কিংবা ফ্ল্যাটের জানলায় গাছ রাখলে মনটাও খুব ভাল থাকে। কংক্রিটের জঙ্গলের মধ্যে ওই একটুখানি সবুজ দেখতে পাওয়াও যেন প্রাণের আরাম, আত্মার শান্তি। ইতিমধ্যেই বাইরের তাপমাত্রা চরচর করে বাড়তে শুরু করেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘরের ভিতরের তাপমাত্রাও। ফুল স্পিডে ঘোরা ফ্যান, কুলার বা এসিই এখন পরিত্রাতা।
কিন্তু এই এসি, কুলারের চক্করে আপনার ঘরের ভিতরের সবুজ সাথীরা ঝিমিয়ে পড়ছে বা মরে যাচ্ছে! তাদের বাঁচাতে, চনমনে রাখতে মাথায় রাখতে হবে এইকটি নিয়ম।
পর্যাপ্ত সূর্যের আলো
একটা চালু ধারণা হল, বাড়ির ভেতরে রাখার যে গাছ অর্থাৎ ইন্ডোর প্ল্যান্টগুলির সূর্যের আলোর তেমন প্রয়োজন হয় না। গাছ নিজেই সালোকসংশ্লেষ পদ্ধতিতে নিজের খাবার তৈরি করে নেয়। কিন্তু সারাদিনে একেবারেই সূর্যের আলো না পেলে গাছ মরে যেতে পারে। অন্যদিকে পিস লিলির মতো গাছ আলো পছন্দ করে। যদিও তাকেও বেশি আলোতে রাখলে চলবে না। ফলে খেয়াল রাখতে হবে ঘরের ভিতরে আপনি যে গাছগুলি রাখছেন তা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাচ্ছে কিনা!
অতিরিক্ত জল
অনেকসময় দেখবেন সতেজ গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ হতে পারে বেশি জল দেওয়া। বাড়িতে গাছ রাখলে অনেকেই রোজ জল দিতে থাকেন কিন্তু সেটা উচিত নয়। গাছের মাটি শুকোলে তবেই জল দেওয়া উচিত। অতিরিক্ত জল গাছে পচন ধরাতে পারে। আবার অনেক গাছের প্রয়োজন ভিজে মাটি। কিন্তু গাছের গোড়াতে কোনওভাবেই জল জমতে দেওয়া চলবে না।
বেশি সার
নতুন কোনও গাছ বাড়িতে নিয়ে এসে তাড়াতাড়ি ফুল ফোটাবার আশায় বেশি বেশি সার দিচ্ছেন? তাতে কিন্তু কোনও লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। মানুষ, পশু, পাখির মতো গাছেরও অতিরিক্ত খাবার হজম করতে সমস্যা হয়। ফলে অভিজ্ঞদের থেকে পরামর্শ নিয়ে কতটুকু সার দেবেন এবং কী সার দেবেন গাছে সেটা আগে থেকে জেনে নেওয়া ভাল।