
শেষ আপডেট: 9 November 2023 14:58
দ্য ওয়াল ব্যুরো: দু’দিন বাদেই কালীপুজো আর তারপরেই ভাইফোঁটা। এই সময়টা উৎসবের মরশুম। উৎসব মানেই আলো, আনন্দ, খাওয়া দাওয়া আর প্রতিদিনকার একঘেয়ে সাজ-পোশাক থেকে নিজেকে মুক্ত করে উৎসবের দিনগুলোতে নিজেকে অন্যরকমভাবে সাজিয়ে তোলা। যত্ন করে আলমারিতে তুলে রাখা শাড়ি অথবা চুড়িদার সেট, বা আপনার শখ করে কেনা এথনিক ড্রেস এই উৎসবের দিনগুলো ছাড়া আর অন্যদিন নিশ্চয় পরাই হয় না। এভাবেই আলমারিতে জমতে থাকে মাত্র কয়েকবার পরা পোশাকের স্তূপ। তার মধ্যে বদলে যায় ফ্যাশন। সেই জমে থাকা, মাত্র কয়েকবার ব্যবহার করা পুরনো পোশাক কীভাবে কাজে লাগানো যায় রইল তারই সুলুক সন্ধান।
১) পুরনো জামার পুনর্ব্যবহার
পুরনো জামাকাপড় নতুনভাবে ব্যবহার করার অনেক উপায় এখন বাজারে চলে এসেছে। একটা পছন্দের শাড়ি কেটে সেটা দিয়ে সুন্দর লেহেঙ্গা বানিয়ে নেওয়া যেতে পারে। এতে খরচও অনেকটা বাঁচে আবার একটা পোশাকের পুনর্ব্যবহারও খুব ভাল মতো হয়ে যায়। এখন তো অনেক দোকান থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ড পুনর্ব্যবহৃত জামাকাপড় দিয়ে এমন সুন্দর পোশাক তৈরি করে ফেলছে যে বোঝাই যায় না সেটি ‘রিসাইকেলড’।
২) পুরনো জামা দান করা
আরেকটা উপায় হল আপনার পুরনো জামাগুলো কোনও এনজিও বা থ্রিফট স্টোরে দান করে দেওয়া। এতে একটা জামা নানাভাবে ব্যবহৃত হয়। এই থ্রিফট স্টোর থেকে যে কেউ জামা কিনতে পারেন এবার সেটা কীভাবে পরবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার। প্রত্যেকটা মানুষের সাজগোজ করার নিজস্ব ধরন রয়েছে। ফলে একটা জামা আপনি যেভাবে পরবেন আপনার বন্ধু হয়ত অন্যরকমভাবে পরবেন, এভাবেই একটা জামা বিভিন্নভাবে খুব সহজেই ব্যবহার করা যেতে পারে।
৩) অনলাইনে বিক্রি
পুরনো জামা বিক্রি করে আপনি কিন্তু বেশ ভাল আয়ও করতে পারেন। ভাল অবস্থায় রয়েছে এরম জামাকাপড় ভাল করে কেচে ধুয়ে আয়রন করে সেটার ছবি তুলে পোস্ট করতে পারেন বিভিন্ন অনলাইন সাইটগুলোতে। ইবে, ইটসি, থ্রেডআপ, পোশপার্ক, ডিপপ এবং অবশ্যই ফেসবুক মার্কেটপ্লেস এই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনি জামাকাপড়ের ছবি আপলোড করতে পারেন।
৪) পুরনো জামা আপসাইকেল করা
আপসাইকেল করা অর্থাৎ পুরনো জামা নতুনভাবে তৈরি করে নেওয়া। যে জামাকাপড় আপনি ফেলে দেবেন ভাবছেন সেই জামার বিভিন্ন অংশ দিয়ে আপনি বানাতে পারেন অনেক দরকারি জিনিস। যেমন: আপনার কাছে পুরনো জিনস থাকলে সেটা কেটে বানাতে পারেন স্কার্ট বা ইউটিউবের ভিডিও দেখে বানিয়ে নিতে পারেন নতুন ধরনের ব্যাগও। আবার ধরুন আপনার আলমারিতে রয়েছে পুরনো ওড়না, সেটা এতই সুন্দর যে আপনি ফেলতে পারছেন না। সেই ওড়না কেটে নিজের মাপে বানিয়ে নিন ক্রপ টপ বা কুল জ্যাকেট।