
শেষ আপডেট: 30 November 2023 18:13
দ্য ওয়াল ব্যুরো: শীতকালে যাই অসুখ-বিসুখ হোক না কেন, মা ঠাকুমারা সবসময়েই বলেন বেশি করে সবজি, শাকপাতা খা। ছোটবেলা হয় পটলের তরকারি বা মুলো দিয়ে রান্না খেতে হয়ত ভাল লাগত না, কিন্তু এইসব সবজির পুষ্টিগুণ অনেক। খেয়াল করে দেখবেন, শীতকাল আসার কিছু সময় আগে থেকে যেন প্রতিটা ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি চোখ রাঙাতে শুরু করে। জ্বর, শ্বাসের সমম্যা, অ্যালার্জি, হাঁপানির টান বাড়ে। নানারকম কোমর্বিডিটি আছে যাঁদের, তাঁদের সমস্যা আরও বড়। তাই শীতের এই সময়টাতে নাক না সিঁটকে বেশি করে শাক-সবজি খেলে বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বাড়বে, অসুখবিসুখও কম হবে।
ডাক্তারের কাছে গেলেও দেখবেন, ওষুধপত্র দেওয়ার পর ওই একই কথা বলবেন, বেশি করে সবজি খাও। যদি শাক-সবজির তরকারি খেতে মন না চায়, তাহলে সিদ্ধ করে নুন-গোলমরিচ দিয়ে খেতে বা হাল্কা স্যুপ বানিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না। এখন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের যুগে নানারকম রেসিপি একদম নাগালের মধ্যেই আছে। গাজর দিয়ে এমন কিছু বানিয়ে নেওয়া সম্ভব যা আগে ভাবাও যেত না বা ধরুন ফুলকপি দিয়ে গোবি ৬৫। খেতেও দারুণ আবার পুষ্টিগুণেও ভরপুর।
শীত এসেই গেছে প্রায়। যে সমস্ত সবজিগুলো আপনার রোজকার রান্নায় রাখলে ভাল সেগুলো জেনে নিন।
তালিকার প্রথমেই রয়েছে টম্যাটো। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, কে, পটাশিয়াম এবং ফলেট। গবেষণা বলছে, রোজ বেশ কিছুটা টম্যাটো আপনার ডায়েটে থাকলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের ক্ষতিকর প্রভাব শরীরে কম পড়বে।
ওজন কমাতে দারুণ কার্যকর পালং শাক। এই শাকে যেমন ক্যালোরির পরিমাণ কম তেমন উপরি পাওনা হিসেবে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন। পালং শাকের রসেরও নানা গুণ। ওজন কমাতে ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
শীতকালের অন্যতম প্রিয় সবজি গাজর। গাজরে থাকে ভিটামিন এ। এছাড়াও গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকায় তা চোখের জন্যেও বেশ উপকারি। লিভার ও দাঁতের সুরক্ষাতেও কার্যকর এই শীতের সবজি।
শিম বাটা খেয়েছেন কখনও? শীতের এই সবজির কিন্তু নানারকম পদ হয়। জানেন কি এই শিমে রয়েছে আমিষের মতো ফাইবার ও প্রোটিন? এছাড়া শিম ক্যানসার প্রতিরোধ করতেও সাহায্য করে।
এই সবজির নাম শুনলেই অনেকেই নাকে হাত দেন ঠিকই তবে মুলোতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, মিনারেলস, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম। কিডনির জন্য খুবই ভাল মুলো। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
ফুলকপি, বাঁধাকপির বাজারে এখন ভাগ বসিয়েছে ব্রোকলি। কপির মতোই দেখতে তবে পুরোটাই সবুজ এবং আকারেও ছোট। প্রচু অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে ব্রোকোলিতে। তাছাড়া খনিজ, ভিটামিনেও ভরপুর। যে কোনও সংক্রমণজনিত রোগ থেকে বাঁচতে ব্রোকোলি খাওয়া দরকার। তাছাড়া ওজন কমাতেও সাহায্য করে ব্রোকোলি।