
শেষ আপডেট: 23 January 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: কিশোরী থেকে মহিলা হয়ে ওঠার সময় মেয়েদের শরীরে নানারকম হরমোনের পরিবর্তন হয়। আর সবথেকে বড় যে পরিবর্তনের মধ্যে দিয়ে একজন মেয়েকে যেতে হয় সেটা হল ঋতুস্রাব বা পিরিয়ড। প্রত্যেক মাসে গড়ে ৫ থেকে ৭ দিন পর্যন্ত থাকে এই পিরিয়ড-পর্ব।
তথ্য অনুযায়ী, সারাজীবনে প্রায় ৪৫০ বার পিরিয়ড হয় একজন মহিলার। পিরিয়ড হওয়ার আগে এবং পরে একজন মহিলার শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন, পেট ফুলে যাওয়া (ব্লোটিং), ব্যথা, গ্যাস, অম্বল, ডায়েরিয়া সহ আরও বিভিন্ন সমস্যা চলতেই থাকে পাল্লা দিয়ে।
মাসের ওই ক'টা দিন যেন নিজের শরীরকে চেনা দায় হয়ে ওঠে। মুড অফ, পেটে ব্যথা সব মিলিয়ে বিরক্তিকর অবস্থা। পিরিয়ড যখন হয় তখন যেন শরীরের ভিতর দুই ইনিংসে হরমোনের খেলা চলে। প্রথমে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় যার ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসার জন্য তৈরি হতে থাকে। পরে মাঠে নামে প্রোজেস্টেরন, যা গর্ভাশয়ে ডিম্বাণু নিষেকের পরিবেশ তৈরি করে।
যদি গর্ভাশয়ে উভলিউশন ঠিকমতো শুরু না হয় তাহলে হঠাৎই শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টরনের মাত্রা কমে যেতে পারে। যার ফলে দেখা দিতে পারে শরীরে বিশেষ করে পেটের নানা সমস্যা।
বিশেষজ্ঞদের মতে, এই সময় হজমের সমস্যা দেখা দিতে পারে। হরমোনের তারতম্যের কারণে কোষে নুন এবং জল জমে যেতে থাকে, যার ফলে পেট ফুলে যাওয়া থেকে শুরু করে মলত্যাগের অভ্যেস সব কিছুতেই আসতে পারে পরিবর্তন।
পিরিয়ড হলে চেষ্টা করুন একটু সহজপাচ্য খাবার খাওয়ার। এছাড়া এই সময় শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি তৈরি হয় ফলে ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত। চিনা বাদাম, সোয়াবিন, সোয়া মিল্ক বা ডালিয়া জাতীয় খাবার বেশি করে খান। তাছাড়া অনেকটা বেশি পরিমাণে জল খান।
ব্লোটিং-এর হাত থেকে বাঁচতে পটাশিয়াম এবং সোডিয়ামের তারতম্য সঠিকভাবে বজায় রাখতে হবে শরীরে। এই সময় নুন-চিনির জল খেতে পারেন। পালং শাক, কলা এবং অ্যাভোকাডোর মতো খাবার খেলেও আরাম মিলবে অনেকখানি।
যেহেতু পিরিয়ড হলে মেয়েদের মধ্যে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয় তার জন্য সকালবেলা উঠে খেতে পারেন এক গ্লাস লেবু জল। হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন সেই জল। অথবা পুদিনা পাতা কটা ভাল করে ধুয়ে চিবিয়ে খেতে পারেন। হজমের সমস্যায় উপকার পাবেন।
আর গ্যাস অম্বলের সমস্যা হলে বাড়িতেই বানিয়ে নিন এই মশলা। অল্প পরিমাণ জিরে শুকনো খোলায় নেড়ে নিয়ে মিহি করে গুঁড়িয়ে নিন। তার মধ্যে বিটনুন মিশিয়ে মশলা বানিয়ে নিন। গ্যাস অম্বলজনিত সমস্যা দেখা দিলে জলের মধ্যে এই মশলা দিয়ে গুলে খেয়ে ফেলুন।
তাছাড়া পিরিয়ড হলে একটু রিল্যাক্সড থাকার চেষ্টা করুন। পেট খালি না রেখে অল্প অল্প করে কিছু খেতে থাকুন। করতে পারেন বিশেষ কিছু ব্যয়াম বা ফ্রি হ্যান্ড এক্সসারসাইজও। এতে পিরিয়ডের সময়ের সমস্যাগুলো অনেকটা আপনার নিয়ন্ত্রণে থাকবে।