
শেষ আপডেট: 8 December 2023 19:28
আমাদের কোমল ত্বক শীতের রুক্ষ আবহাওয়ায় শুষ্ক ও ম্লান হয়ে যায়। শীতে কীভাবে ত্বকের জেল্লা ফেরাবেন, টিপস দিলেন বিউটিশিয়ান অর্পিতা সাহা।
• শীতে অয়েল মাসাজ অত্যন্ত জরুরি। দামি ব্র্যান্ডেড বডি অয়েল দিয়েই যে মাসাজ করতে হবে তা কিন্তু নয়, খাঁটি নারকেল তেল বা সরষের তেল দিয়েও বডি মাসাজ করা যায়। এতেও ত্বক ঝলমলকরবে।
• শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য একটা ঘরোয়া উপায় বলে দিই আপনাদের। পাউরুটি তো বাড়িতে থাকেই। তার চারধারের অংশ দুধে মিশিয়ে সামান্য সুজি তাতে মিশিয়ে নিয়ে হালকা মাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলবেন। এতে ত্বক নরম থাকবে এবং মৃতকোষ ঝরে গিয়ে ত্বক উজ্জ্বল দেখাবে। যাদের ত্বক তেমন স্পর্শকাতর নয় তারা এটি নিয়মিত ব্যবহার করতে পারেন।
• শীতে প্রতিদিনের রূপচর্চায় ত্বককে পরিষ্কার রাখা খুব দরকার। আর পরিস্কার রাখা মানেই ক্লিনজিং,পর্যাপ্ত পরিমাণে জলের ঝাপটা দিয়ে নাচারাল টোনিং এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ময়েশ্চারাইজার লাগানো।
• ত্বক নিজেই তার প্রয়োজনীয় ময়েশ্চার তৈরি করে নিতে পারে। কিন্তু শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতো কম থাকে যে ত্বকে ন্যাচরাল ময়েশ্চার তৈরি হয় না। ত্বক রুক্ষ হয়ে যায়। তাই আমরা বাইরে থেকে ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বককে স্বাভাবিক রাখার চেষ্টা করি।
• মধু খুব ভাল ময়েশ্চারাইজার। মুখ ধোয়ার পর টাওয়েল ড্রাই করে হালকা ভিজে অবস্থায় কযেক ফোঁটা মধু লাগিয়ে মিনিট কুড়ি রেখে দিন। তারপর জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিন। দেখবেন, ত্বক রুক্ষ হবে না, ঝলমল করবে।
• সঠিক খাওয়া-দাওয়া, ঠিকঠাক ঘুমনো, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, নিয়মিত যোগব্যয়াম করা ইত্যাদির ওপর নির্ভর করে ত্বকের স্বাস্থ্য।
• এই ব্যস্ত জীবনে আমরা নিয়ম করে রোজ রূপচর্চা করে উঠতে পারি না। তবে এই শীতের শুরুতে সপ্তাহে অন্তত তিন দিন রূপচর্চা করলেও অনেকটা উপকার পাওয়া যায়।
• রূপচর্চায় দুধের সর ও ময়দার বাবহার খুব ভাল। শুধু যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক তাঁরা এতে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।
• যাঁদের ত্বকে অসম্ভব কালচে ভাব আছে তারা এর সঙ্গে মিশিয়ে নিন ২/৪ ফোঁটা কাঁচা হলুদের রস।
• ব্রণ থাকলে দুধের সর বাদ দিয়ে মিশিয়ে নিন কাঁচা দুধ, কর্পূর আর তুলসী পাতা বাটা। দশ থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশচারাইজার ব্যবহার করুন।