.webp)
শেষ আপডেট: 31 October 2023 13:15
দ্য ওয়াল ব্যুরো: দিনের বেলা রোদের তাপ, রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ভাব। এটাই এখনকার ওয়েদার। ভোরের দিকে হালকা চাদর গায়ে টেনে শুতেও মন্দ লাগছে না। তবে এই আবহাওয়াই কিন্তু শরীর খারাপ হওয়ার জন্য যথেষ্ট।
সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। মাঝে মাঝে তো ভাইরাল ফিভারও বেশ নাড়াচাড়া দিয়ে উঠে। এই সময় মুখের স্বাদ একদম চলে যায়। স্বাদ ফেরাতে এইভাবে চিকেন স্যুপ বানিয়ে খেতে পারেন। এতে শরীরও পুষ্টি পাবে আবার মুখের স্বাদও ফিরবে।
বেশ কিছুটা চিকেন ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একইসঙ্গে আপনার পছন্দমতো সবজি (গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস) ভাল করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। তারপর একটা প্রেসার কুকারে কেটে রাখা চিকেনের টুকরো, সবজির টুকরো, কয়েকটা রসুনের কোয়া, একটা গোটা পেঁয়াজ একটু বড় করে কেটে তার মধ্যে দিয়ে দিন। এবার তাতে অল্প করে নুন, গোটা গোলমরিচ, আর বেশ কিছুটা জল দিয়ে ঢাকনা আটকে ৩টে সিটি দিয়ে নিন।
এবার ঢাকনা খুলে কুকার থেকে সব সবজি আর চিকেনগুলোকে তুলে আলাদা পাত্রে নিয়ে নিন। একটা ছাকনিতে ভাল করে চিকেন ও সবজির যে স্টকটা তৈরি হল সেটা ছেঁকে নিন। মনে রাখবেন এই স্টকটাই কিন্তু স্যুপের প্রধান উপকরণ। এবার একটা ননস্টিক কড়াইতে একটু মাখন গরম করে নিন। তাতে সেদ্ধ করে তুলে রাখা সবজি, চিকেনের টুকরো গুলো দিয়ে বেশ কিছুক্ষন সতে করে নিন। স্বাদমতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিন। তারপর ছেঁকে রাখা চিকেন স্টকটা দিয়ে দিন। ৫ মিনিটের জন্য ঢাকনা আটকে ভাল করে ফুটিয়ে নিন।
নামানোর আগে একটু ধনেপাতা কুঁচি বা পার্সলে পাতা কুঁচি আর একটু মাখন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন হোমমেড চিকেন স্যুপ।