
কেমন সাজবেন দিলীপ
শেষ আপডেট: 18 April 2025 19:39
পুরুষ মানুষ তো সোনার আংটি ,তাসে বাঁকাচোরা হোক বা একষট্টি ,তার দাম কমে না। আর তার ওপর তিনি যদি হন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Marriage) ,তাহলে তো কোনও কথাই চলে না। বিয়ের পাত্র হিসেবে তিনি কিন্তু যথেষ্ট দামি। একষট্টি বছরের এলিজিবল ব্যাচেলর দুঁদে রাজনীতিবিদ দিলীপ ঘোষ বিয়ের পিঁড়িতে বসলে চর্চা তো হবেই। হচ্ছেও।(Dilip Ghosh Wedding Look)
সাংবাদিকরা সকাল আটটা থেকে পৌঁছে গেছেন দিলীপের (Dilip Ghosh) বাড়ির সামনে। যদি গায়ে হলুদ হয়, যদি কনের বাড়ি থেকে তত্ত্ব আসে, যদি দিলীপকে একবার দেখা যায়।
সাজগোজের ব্যাপারে খুব যে সৌখিন দিলীপ তা কিন্তু মনে হয় না। খাদির বাংলা শার্ট বা হাফ পাঞ্জাবিতেই তাঁকে দেখা যায় সবসময়। একটু ঢিলে পাজামার সঙ্গে স্নিকার্স পরে চষে বেড়ান হিল্লিদিল্লি। আর হ্যাঁ, গলায় একটা স্টোল থাকে খাদি কটনের। একেবারে সাদামাটা সাজ। কিন্তু বিয়ে বলে কথা সাজতে তো হবেই। আজ রেজিস্ট্রি ম্যারেজ হলেও রিসেপশন তো একটা হবেই।সেই দিন কেমন সাজবেন এই বর্ষীয়ান বিজেপি নেতা? কী বলছেন শহরের সেরা ডিজাইনাররা? (Dilip Ghosh Wedding Fashion)
ডিজাইনার অভিষেক দত্ত বললেন, বয়েস 'যাই হোক না কেন দিলীপবাবুর (Dilip Ghosh) পার্সোনালিটিটা খুব সুদিং। তাই ধুতি পাঞ্জাবি বা বন্ধগলা-ধোতি -দুটোতেই ওঁকে ভাল লাগবে। রঙের ব্যাপারে বলব,বিয়ের অনুষ্ঠানে রাজনীতির রংকে প্রাধান্য না দিয়ে বেজ , অফ হোয়াইট বা লাইট কোরাল পিঙ্কের সঙ্গে হোয়াইট কম্বিনেশনের বন্ধগলা পরলে সুন্দর দেখাবে।
দোপাট্টা না নেওয়াই ভাল। মাথায় পাগড়ি পরলে একটা অন্যরকম লুক আসবে দিলীপের। এক্ষেত্রে গেরুয়া বা লাইট স্যাফায়ার সিল্ক ফ্যাব্রিকের পাগড়ি পরলে তাঁর রাজনীতির রঙকে কমপ্লিমেন্ট করবে। ধুতি পাঞ্জাবি পরলে পায়ে নাগরাই চপ্পল পরতে হবে। আর বন্ধগলা পরলে এমব্রয়ডারি করা মুজরি।' (Dilip Ghosh Wedding Attire)
ডিজাইনার অভিষেক রায় অবশ্য অন্যকথা বললেন।তাঁর মতে, যেহেতু দিলীপ বর্ষীয়ান রাজনীতিবিদ তাই রিসেপশনেও পোশাক নিয়ে বিশেষ এক্সপেরিমেন্ট না করাই ভাল। বাংলার শান্তিপুরি ধুতি অবশ্যই চুনোট করে কোঁচানো থাকবে, সঙ্গে গিলে করা সিল্ক বা গরদের পাঞ্জাবি আর কোলাপুরি চপ্পল পরলেই দিলীপবাবুকে এলিগেন্ট লাগবে।'
ইতিমধ্যেই দিলীপ ঘোষের বর-বেশ প্রকাশ্যে এসেছে। সাদা চিকন কাজের পাঞ্জাবিতে ঝলমল করছেন বর দিলীপ। ওদিকে কনে রিঙ্কুও লাল বেনারসি আর সোনার গয়নায় সেজে বিয়ের আসরে উপস্থিত। রেজিস্ট্রি মালাবদল পর্ব তো সম্পন্ন হল আজ। কিন্তু রিসেপশনে কেমন সাজে ধরা দেবেন রংদার রাজনীতিবিদ সেটাই দেখার অপেক্ষায় রইলেন বাংলার মানুষ।