
শেষ আপডেট: 14 October 2021 14:22
বিজয়া দশমীর দিন বাড়িতে মিষ্টি তৈরির রীতি বহুযুগের। এখন ব্যস্ততার যুগে আর সময় নেই অত খাটনির, তাই দোকান থেকে কিনে এনেই কাজ সারেন অনেকে। কিন্তু কেনা মিষ্টিতে কি আর ঘরের সেই স্বাদ আসে! এবার কিন্তু ট্রাই করে ফেলতে পারেন এক সহজ রেসিপি, বাড়িতেই। বালুসাই (balusai)। সহজ উপকরণ ও সরল পদ্ধতিতে বানানো এই মিষ্টি অতিথিদের মন জয় করবেই।
প্রণালী: ময়দা আর বেকিং সোডা ভাল করে মিশিয়ে নিতে হবে। এর পরে ঘি আর দই ভাল ভাবে মাখিয়ে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে ভাল ভাবে ময়দা মেখে নিতে হবে। তার পরে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। অন্যদিকে চিনির সিরাপ তৈরি করতে হবে, সেটা ৫-৭ মিনিট ফুটিয়ে নিতে হবে।
অন্যদিকে মাখা ময়দা থেকে ছোট ছোট বলের মত তৈরি করতে হবে, এক একটি বলকে ভাল করে গোল আকার দিয়ে বুড়ো আঙ্গুলের চাপ দিয়ে মাঝখানে একটা গর্ত তৈরি করতে হবে।
এর পরে কড়াইয়ে ঘি গরম করে সেই ঘি হাল্কা ঠান্ডা করে এক একটি বল ছেড়ে দিতে হবে। একসাথে ৪-৫টির বেশি বালুসাই ভাজা যাবে না। এপিঠ-ওপিঠ করে ভাল করে ভেজে নিতে হবে, ১৫ মিনিট সময় লাগবে। পুরোটাই মাঝারি তাপমাত্রায় হবে। সম্পূর্ণ ভাজা হলে তুলে নিতে হবে এবং ঠাণ্ডা করে তবেই চিনির সিরাপে ফেলতে হবে।
শেষে উপরে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিতে হবে।
ফুড ভ্যালু: ঘিয়ের অনেক গুণ থাকে, শরীরে কাজে লাগে। দই খাওয়াও আমাদের শরীরের জন্য উপকারী।