
শেষ আপডেট: 31 October 2023 17:01
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজো পালা আর জগদ্ধাত্রীপুজো । দুর্গাপুজোর মতো কালীপুজোতেও মানুষ নিজের বাড়ি ফেরে। খাওয়া দাওয়া, হই হুল্লোর, বাজি ফাটানো সঙ্গে বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনদের আনাগোনা — সব মিলিয়ে বেশ কেটে যায় দু-তিনদিন।
এমন উৎসবের দিনে বাড়িতে অতিথি এলে তাকে কী খাওয়াবেন সেটা নিয়ে আকাশ পাতাল না ভেবে চটপট বানিয়ে নিতে পারেন এই কাবাবের রেসিপিগুলো।
১) চিকেন মালাই কাবাব
চিকেন মালাই কাবাব যেকোনও অনুষ্ঠানের স্টার্টার আইটেম হিসেবে খুবই জনপ্রিয়। জুসি চিকেনের পিসগুলো মশলা আর ক্রিম সহযোগে ম্যারিনেট করে রেখে সেটাকে ভাল করে গ্রিল করে নিন। উপর দিয়ে লেবুর রস আর একটু ধনেপাতা কুঁচি ছড়িয়ে অথিতিদের পরিবেশন করলে ছোট থেকে বড় সবাই খুশি হবেই।
২) ভেজ শিক কাবাব
অনেক বাড়িতে উৎসবের সময় যাদের বাড়িতে কেবল নিরামিষ খাওয়া হয় এই নিরামিষ কাবাবের রেসিপি তাদের জন্য। মাংসের কিমার বদলে ছোলার ডাল ভাল করে ধুয়ে ভিজিয়ে রেখে সেটাকে বেটে কিমার মতো করে নিতে হবে। সঙ্গে মনের মতো মশলা আর মটরশুঁটি দিয়েও বেটে নিতে পারেন। এবার কাবাবের আকারে গড়ে অল্প তেলে একটু সেঁকে নিলেই রেডি নিরামিষ শিক কাবাব।
৩) হারা ভারা কাবাব
নিরামিষ কাবাবের মধ্যে হারা ভারা কাবাব কিন্তু তালিকায় প্রথম দিকে থাকে। মনের মতো সবুজ সবজি নিয়ে নিন। পালং শাক আর মটরশুঁটি একটু ভাল করে ভাপিয়ে নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর তাতে মশলা, ধনেপাতা কুঁচি, একটু কনফ্লাওয়ার বা বেসন দিয়ে আঠা আঠা করে মেখে কাবাবের আকারে বানিয়ে অল্প তেলে গ্রিলড করে নিলেই রেডি হারা ভারা কাবাব। পুদিনা পাতা ও ধনেপাতার ঝাল ঝাল চাটনি সহযোগে খেতে কিন্তু দারুণ লাগবে।
৪) চিকেন গলৌটি কাবাব
কাবাব বললেই প্রথমে মাথায় আসে গলৌটি কাবাবের কথা। নবাবি স্টাইলে বানানো হয় এই কাবাব। বেশ খানিকটা চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো নুন, ঝাল, মশলা দিয়ে ভাল করে মেখে নিতে হবে। ব্যাস, হাতে একটু তেল লাগিয়ে মনের মতো শেপে কাবাবগুলো গড়ে নিয়ে অল্প তেলে শেলো ফ্রাই করে নিলেই রেডি চিকেন গলৌটি কাবাব।
৫) মটন শামি কাবাব
মটন প্রেমীদের অন্যতম পছন্দের কাবাবের তালিকায় পরে মাটন শামি কাবাব। অনেকে মটনের জায়গায় ল্যাম্বও ব্যবহার করে থাকেন এই কাবাব বানানোর জন্য। বাইরের মুচমুচে আস্তরণ পেরিয়ে মুখে গলে যাওয়ার মতো ভিতরের মিশ্রণে যখন একটা কামড় দেবেন রসনা পরিতৃপ্তি কথাটার অর্থ সেদিন আপনি বুঝবেনই।
৬) পেশওয়ারি চিকেন কাবাব
চিকেনের সঙ্গে জিরে, ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো, বেদানা আর বেশ কিছুটা মশলা ভাল করে মেখে নিন। এবার প্যানে তেল গরম করে মিশ্রণটিকে কাবাবের আকারে গড়ে দুপিঠ উল্টেপাল্টে ভাল করে ভেজে নিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাতে দেখেবেন চিকেনটাও ভালমতো সেদ্ধ হয়ে যাবে। এই কাবাব আপনার দীপাবলির সন্ধ্যার পার্টির প্রধান আকর্ষণ হয়ে উঠবে।