
সামার ফ্রেন্ডলি স্ন্যাক্স
শেষ আপডেট: 17 April 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: পারদ গিয়ে ঠেকেছে ৪০ ডিগ্রিতে। গরমে হাঁসফাঁস করা থেকে শুরু করে নাকে, চোখে মুখে জ্বালাভাব সবই হারে হারে টের পাচ্ছেন। এইসময় যদি না বুঝে যা ইচ্ছে খাবার খেয়ে নেন তাহলে অসুস্থ হওয়া থেকে রঘুবীরও রক্ষা করতে পারবেন না। তাই খুব সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। বাইরের খাবার, বেশি তেল ঝাল যুক্ত খাবার না খাওয়াই ভাল। সে কারণেই এইসময় টক ডাল, পান্তা ভাত এইসব খাবারের চাহিদা বেশি থাকে।
একনজরে দেখে নিন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কী কী খেতে পারেন যেটা এই গরমে আপনার অস্বস্তির কারণ হবে না।
১) আলুকাবলি
বাইরে থেকে কিনে খাওয়ার দরকার নেই। বাড়িতেই বানিয়ে নিন আলুকাবলি। সেদ্ধ আলু, সেদ্ধ ছোলা, কাঁচা ছোলা, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পরিমাণমতো নুন, আলুকাবলি মশলা দিয়ে ভাল করে মেখে নিন। টক খেতে ভালবাসলে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন। ব্যস রেডি আলুকাবলি।
২) ভুট্টা
বিকেলের জলখাবারে ভুট্টাও খেতে পারেন। খেতে যেমন সুস্বাদু তেমনই গরমে এই খাবার খেলে শরীরে কোনও কষ্টও হবে না। শুধু ভুট্টা সেঁকে নুন, লেবু মাখিয়ে খেতে পারেন। তাছাড়া বাজার থেকে সুইট কর্ন কিনে এনে বাড়িতে সেদ্ধ করে মাখন, নুন, মশলা আর একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে সুন্দর একটা কর্ন মিক্সচার বানিয়ে খেতে পারেন।
৩) স্যান্ডউইচ
দোকান থেকে স্যান্ডউইচ কিনে না খেয়ে বাড়িতেই ডিম সেদ্ধ, চিকেন, কর্ন বা পনির দিয়ে বানিয়ে নিতে পারেন হেলদি স্যান্ডউইচ। চাইলে একটু চিজ, মেয়োনিজও মিশিয়ে নিতে পারেন যদি আপনার পছন্দ হয়। তাছাড়া এমনিই টাটকা সবজি যেমন শশা, টমেটো, পেঁয়াজ দিয়েও বানিয়ে নেওয়া যায় মনপসন্দ স্যান্ডউইচ।
৪) মুড়ি ছোলা/ বাদাম
প্রবল গরমে যদি কিছুই খেতে ইচ্ছে না করে তাহলে সবথেকে সেফ অপশন হল শুকনো মুড়ি আর সঙ্গে ছোলা বা বাদাম। টিফিনে পেটও ভরবে আবার শরীরও সুস্থ থাকবে।
৫) ইডলি ধোসা
দক্ষিণ ভারতের এই খাবার গরমের জন্য খুবই ভাল। এতে কোনওরকম ঝাল মশলা থাকে না, পেটের জন্যেও খুব ভাল। আবার এটা খেলে ওজন বেড়ে যাওয়ারও কোনও ভয়ও নেই। ফলে এই গরমে নিশ্চিন্তে খেতে পারেন ইডলি ধোসা।