
শেষ আপডেট: 17 December 2023 17:44
দ্য ওয়াল ব্যুরো: পায়ের তলায় সর্ষে থাকা বাঙালির ঘুরে বেড়ানোর জন্য শীতকাল আর গরমকালের মধ্যে খুব ফারাক নেই। ঘুরতে যাওয়ার কথা বললে বাঙালি এক পায়ে খাড়া। কিন্তু বাইরে বেড়াতে গেলে এমনিতেই একটু সাবধানতা অবলম্বন করে চলা ভাল। আর বিষয়টা যদি হয় খাওয়া দাওয়া নিয়ে হয় তাহলে তো আরও সাবধান হওয়া দরকার।
কোনও খাবারে অ্যালার্জি থাকলে সেইসমস্ত খাবারগুলো তো অবশ্যই খাবেন না কিন্তু এমন অনেক সাধারণ খাবার আছে যেগুলো বাইরে বেরিয়ে না খাওয়াই উচিত কারণ রাস্তার মাঝখানে শরীর খারাপ হলে ভ্রমণই শুধু পণ্ড হয় না, বিদেশ-বিঁভুইয়ে চিকিৎসা করতে গিয়ে মহা আতান্তরে পড়তে হয়। তাই দেখে নিন সেই এড়িয়ে চলা খাবারের তালিকা।
১) বেরি
ঘুরতে গিয়ে ব্লুবেরি, ব্ল্যাক বেরি এই জাতীয় ফল না খাওয়াই ভাল। যদি ফল খেতেই হয় তবে কলা বা কমলালেবু জাতীয় ফল খান। বেরি জাতীয় ফল ভারী হয় ফলে রাস্তায় বেরিয়ে বা ঘুরতে গিয়ে ভারী খাবার দূরে রাখুন।
২) আইসক্রিম
শীতকালে এমনিতেই জল কম খাওয়া হয় ফলে শরীর ডিহাইড্রেটেড থাকে। তার উপর গায়ে চাপানো থাকে সোয়েটার, শরীর ভিতর ভিতর গরম হয়ে থাকে। তাছাড়া শীতকালে তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে বেশি। তাই এইসময় আইসক্রিম না খাওয়াই ভাল।
৩) কাঁচা সবজি
এমনিতে ভাতের পাতে স্যালাড খেতে বেশ ভালই লাগে। কিন্তু আলাদা করে কাঁচা সবজি, কাটা ফল এসব না খাওয়াই ভাল তাতে পেটের সমস্যা হতে পারে।
৪) সোডা জাতীয় পানীয়
বেড়াতে গিয়ে সোডা বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানীয় খাওয়ার একটা ঝোঁক থাকে অনেকেরই। শীতকালে জল বেশি করে না খেয়ে এসব সোডা জাতীয় পানীয় খেলে কিন্তু শরীর কষে যাওয়ার পাশাপাশি হজমের সমস্যাও দেখা দিতে পারে।
৫) চিজ
চিজ বা চিজ জাতীয় খাবার খেতে ভালবাসেন না এমন লোক কমই আছে। এখন তো সব খাবারেই চিজ। কিন্তু বেড়াতে গিয়ে চিজ জাতীয় খাবার না খাওয়াই ভাল। বেশি চিজ খেলে পেট খারাপ হয়ে যেতে পারে। তাই ঘোরাটা নির্বিঘ্নে শেষ করার জন্য এইসব খাবার এড়িয়ে চলাই ভাল।