
শেষ আপডেট: 10 April 2023 14:13
রকমারি ক্যুইজিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন বেঙ্গালুর আইটিসি ফরচুন সিলেট জিপি কসমস পাঁচতারা হোটেলের সেলেব্রিটি এক্সিকিউটিভ শেফ সাগ্নিক মজুমদার। নববর্ষে (Poyla Baisakh) তাঁর নিজস্ব সিগনেচার দুটি রেসিপি (2 Special Recipe) 'দ্য ওয়াল'-কে শেয়ার করলেন।
উপকরণ:
এঁচোড় ছোট আকারে কিউব করে কাটা ৪ কাপ
মাঝারি সাইজের আলু সেদ্ধ ৪টে
কাঁচা লঙ্কা কুচি ২টো
হলুদ গুঁড়ো ২ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ১টা
রসুন কোয়া ৩ চা চামচ
আদা কুচি ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
ময়দা ২ টেবিল চামচ
রোস্টেড বাদাম ২ টেবিল চামচ
কড়াইশুঁটি ৫০ গ্রাম
চিনি ১/২ চা চামচ
নুন স্বাদ অনুযায়ী
ফেটানো ডিম ২টি
ব্রেডক্রাম্ব ২৫০ গ্রাম
রিফাইন্ড অয়েল ৩০০ গ্রাম
লবঙ্গ ৩/৪টে
পদ্ধতি:
প্রথমে এঁচোড় ভাল করে ধুয়ে, কিউব আকারে ছোট টুকরো করে কেটে নিয়ে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে হবে। যাতে গলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে।
এঁচোড় সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে শুকনো অবস্থায় অন্য একটি পাত্রে রাখতে হবে।
আদা, রসুন, লবঙ্গ একসঙ্গে একটা পেস্ট তৈরি করতে হবে।
অন্য পাত্রে আলু সেদ্ধ নিয়ে তার সঙ্গে ময়দা এবং নুন মিশিয়ে এমনভাবে মাখতে হবে যাতে মিশ্রণ আঁটসাঁট থাকে।
প্যান বসিয়ে রিফাইন্ড অয়েল গরম করে পেঁয়াজ কুচি দিতে হবে। বাদামী রং না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে।
তার মধ্যে আদা-রসুন-লবঙ্গের পেস্ট দিয়ে ভাল করে নাড়িয়ে একে একে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে ভাল করে মশলা কষাতে হবে।
যখন মনে হবে মশলা ভাজা ভাজা হয়ে আসছে তখন প্রয়োজনে জল ছিটিয়ে দেওয়া যেতে পারে।
এর পরে কড়াইশুঁটি, রোস্টেড বাদাম কুচি যোগ করতে হবে। যখন বাদামী রং ধরবে এবং সুগন্ধ বের হবে তখন গ্যাস বন্ধ করে আলাদা পাত্রে রাখতে হবে মশলা।
এর পর সেদ্ধ করা এঁচোড় এবং আলু সেদ্ধর মিশ্রণ ভাল করে মেশাতে হবে।
এরপর এই মিশ্রণ অল্প করে নিয়ে হাতের সাহায্যে চপের আকারে গড়ে ফ্রিজে রাখতে হবে আধঘণ্টার জন্য।
অন্যদিকে একটি পাত্রে ডিম ফেটিয়ে নিতে হবে। আর একটি থালায় ব্রেডক্রাম্ব রাখতে হবে।
ফ্রিজ থেকে হাতে গড়া চপ বের করে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে পড়ে ব্রেডক্রাম্বে মিশিয়ে আলাদা পাত্রে রাখতে হবে।
এর পরে রিফাইন্ড অয়েলে চপগুলি ডিপ ফ্রাই করতে হবে দুটো-তিনটে করে। ঢিমে আঁচে ভাজতে হবে, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
সার্ভিং ডিশে এঁচোড়ের চপ রেখে তার উপর চাট মশলা ছড়িয়ে টোম্যাটো সসের সঙ্গে বিকেলের স্ন্যাকস হিসেবে গরম গরম পরিবেশন করতে হবে।

উপকরণ:
দানা ছাড়া খেজুর ৭টি
কিশমিশ ১/৪ কাপ
ড্রাই এপ্রিকটস ৩টি
বাদাম ১৫টি
কাজুবাদাম ৭টি
পেস্তা ১০টি
এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ
ঘি ১ চা চামচ
প্রথমে খেজুর ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর খেজুর, এপ্রিকটস, কিশমিশ একসঙ্গে মিক্সচার গ্রাইন্ডারে জল ছাড়া ঘন পেস্ট তৈরি করে আলাদা পাত্রে রাখতে হবে।
এর পরে বাদাম, কাজুবাদাম, পেস্তা মিক্সচার গ্রাইন্ডারে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। তবে যেন মিহি গুঁড়ো না হয়, দানা দানা থাকে। এই মিশ্রণে এলাচ গুঁড়ো দিতে হবে।
এরপর প্যানে ঘি গরম করে প্রথমে খেজুরের পেস্ট দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে হবে। যখন একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে বাদাম গুঁড়োর মিশ্রণ দিতে হবে। এরপর আঁচ কমিয়ে মিশ্রণটি ভাল করে নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত পুরো মিশ্রণ নরম হচ্ছে।
এরপর মিশ্রণ প্যান থেকে নামিয়ে একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে। গরম থাকতেই হাতের সাহায্যে বলের আকারে গড়তে হবে।
নববর্ষের বাড়িতে অতিথি এলে শেষ পাতে ডেজার্ট সুগার ফ্রি ড্রাইফ্রুটস লাড্ডু পরিবেশন করুন।

দুপুরে ভুনা মটন, সন্ধেয় মুরগি-পেঁয়াজের ফুলুরি! নববর্ষ জমে উঠুক সেলেব্রিটি শেফের রেসিপিতে