
শেষ আপডেট: 23 April 2023 12:04
সুরকার অনু মালিক, গায়ক মিকা সিংয়ের মতো সেলেব্রিটিদের নিজের হাতের তৈরি কন্টিনেন্টাল ডিশ খাইয়ে মুগ্ধ করেছিলেন শেফ শুভাশিস সাঁতরা। ব্রাইট ফিউচার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে পাস করার পর রাউলকেল্লায় সেন্ট্রাল পার্ক হোটেল, রায়পুরে সেলিব্রেশন গ্রুপ অফ হোটেলস ইত্যাদি ছাড়াও তিনি বিভিন্ন হোটেলে চাকরি করেছেন। বর্তমানে তিনি ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব রেস্তোরাঁয় এক্সিকিউটিভ সু শেফ হিসেবে কর্মরত। তাঁর নিজস্ব ইন্ডিয়ান সিগনেচার রেসিপি শেয়ার করলেন। গরমে সান্ধ্য বৈঠকী জমে উঠুক সেলেব্রিটি শেফের (Chef Special Recipe) কিমা প্রন অ্যান্ড বানানা ফ্লাওয়ার কাটলেট ,অ্যাপেল মালপোয়া উইথ শাহি রাবড়ি রেসিপি তে।
উপকরণ:
মোচা ১টা
কিউব করে কাটা আলু ১টা
পেঁয়াজ কুচি বড় ১টা
আদা রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
ব্রেড ক্রাম্ব ২ কাপ
কাঁচালঙ্কা কুচি ২টো
সাদা জিরে এক চা চামচ
ধনেপাতা কুচি সামান্য
খোসা ছাড়ানো ছোট চিংড়ি মাছ ১৫০গ্রাম
রিফাইন্ড অয়েল ২ কাপ

পদ্ধতি:
প্রথমে মোচা কুচি করে কেটে ভাল করে ধুয়ে নিতে হবে।
মোচা কুচি ও কেটে রাখা আলু নুন দিয়ে জলে ভাল করে সেদ্ধ করতে হবে।
এরপর ভাল করে জল ঝরিয়ে নিয়ে সেদ্ধ আলু, মোচা কুচি চামচের সাহায্যে স্ম্যাশ করে আলাদা পাত্রে তুলে রাখতে হবে।
খোসা ছাড়ানো ছোট চিংড়ি মাছের শিরদাঁড়ার সুতো বের করে নিয়ে ভাল করে ধুয়ে আলাদা করে রাখতে হবে।
এবারে কড়াইতে তেল গরম করে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে আদা, রসুন বাটা দিতে হবে। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে ভাল করে সঁতে করে নিতে হবে। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভাল করে কষাতে হবে।
তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভাল করে রান্না করতে হবে।
এরপর এর মধ্যে স্ম্যাশ করে রাখা আলু আর মোচা দিতে হবে। সঙ্গে আন্দাজ মতো নুন, ধনেপাতা কুচি দিয়ে ভাল করে একটা মিশ্রণ তৈরি করে আলাদা পাত্রে তুলে রাখতে হবে ।
মিশ্রণ ঠান্ডা হলে হাতের সাহায্যে কাটলেটের আকারে গড়ে তুলতে হবে।
এরপর কড়াইতে তেল গরম করে কাটলেটে ব্রেডক্রামব লাগিয়ে ডিপ ফ্রাই করতে হবে।
সার্ভিং ডিশে টোম্যাটো সসের এই কাটলেট গরম গরম পরিবেশন করতে হবে।
উপকরণ:
আপেল ১টা
কর্নফ্লাওয়ার ১০০ গ্রাম
ময়দা ১০০ গ্রাম
দুধ ১ লিটার
ছোট এলাচ ৫ টুকরো
কেশর ১০টা
ভাজার জন্য ঘি ১ কাপ
চিনি ২ কাপের বেশি
জল ১ কাপ
আমন্ড কুচি ৪/৫ টুকরো
পেস্তা কুচি ৪/৫ টুকরো

পদ্ধতি:
প্রথমে ময়দা এবং কর্ণ ফ্লাওয়ার সমপরিমাণে মিশিয়ে নিতে হবে।
এরপর এই মিশ্রণে ঠান্ডা দুধ আন্দাজ মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে আলাদা করে রাখতে হবে।
এবারে ওভেনে প্যানে জল দিয়ে তার সঙ্গে ২কাপ চিনি, ছোট এলাচ মিশিয়ে একটা সিরাপ তৈরি করতে হবে।
অন্য একটি পাত্রে দুধ, চিনি, ছোট এলাচ, কেশর দিয়ে ভাল করে ফুটিয়ে রাবড়ি তৈরি করতে হবে।
আপেল ধুয়ে খোসা ছাড়িয়ে স্লাইস করে কাটতে হবে।
স্লাইস করে কাটা আপেলের টুকরো ব্যাটারে মধ্যে ডুবিয়ে নিয়ে ওভেনের প্যানে ঘি গরম করে ডিপ ফ্রাই করে ভাজতে হবে।
আপেল ডিপ ফ্রাই হওয়ার পর সেটি চিনির সিরাপে দু-তিন মিনিট ডুবিয়ে রাখতে হবে।
এরপর সার্ভিং ডিশে আপেলের টুকরো গুলো সাজিয়ে, তার ওপর রাবড়ি, আমন্ড ও পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে হবে।
ইদের দিনে মিষ্টি মুখ করতে বাড়িতেই তৈরি করুন ফিরনি ও জর্দা সেমাই