ডেটিং অ্যাপে নতুন ফিচার আনছে টিন্ডার, এবার রাশি ও মিউজিক পছন্দ মিলিয়েই খোঁজা যাবে সঙ্গী। শুধু অনলাইনে নয়, পরিচয় বাড়াতে অফলাইন ডেটিং ইভেন্টেরও আয়োজন করতে চলেছে সংস্থা।

টিন্ডার
শেষ আপডেট: 14 March 2026 17:05
দ্য ওয়াল ব্যুরো: ডেটিং অ্যাপ (Dating App) জগতে নতুন চমক আনতে চলেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম টিন্ডার (Tinder)। শুধু ডান-বাম সোয়াইপ (Swipe) নয়, এবার ম্যাচ মেকিং হবে রাশি, মিউজিক চয়েস ও বাস্তব জীবনের অভিজ্ঞতার হাত ধরে। ব্যবহারকারীদের আরও অর্থবহভাবে যুক্ত করতে একগুচ্ছ নতুন ফিচার (New Feature) আনছে সংস্থা।
এই ঘোষণা করা হয়েছে ‘টিন্ডার স্পার্কস ২০২৬’ (Tinder Sparks 2026) নামে সংস্থার প্রথম কিনোট অনুষ্ঠানে (Keynote Event)। সেখানে টিন্ডার কর্তৃপক্ষ জানায়, দ্রুত সোয়াইপের বদলে এবার গুরুত্ব দেওয়া হবে মানুষের অভ্যাস, পছন্দ-অপছন্দ এবং ব্যক্তিত্বের (Personality) উপর। অর্থাৎ শুধু চেহারা নয়, মিলবে আগ্রহ ও জীবনযাত্রার ধরনে।
নতুন ফিচারগুলির মধ্যে অন্যতম ‘অ্যাস্ট্রোলজি মোড’ (Astrology Mode)। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের রাশিচক্র (Zodiac Sign) অনুযায়ী সঙ্গী খুঁজতে পারবেন। অর্থাৎ রাশির সামঞ্জস্যতার ভিত্তিতেই মিলবে ম্যাচ (Match)। অনেক তরুণ-তরুণীই রাশি বা জ্যোতিষশাস্ত্রের উপর গুরুত্ব দেন বা তাঁদের বাড়ির লোকজন, সেই প্রবণতাকে মাথায় রেখেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।
এছাড়াও নতুনভাবে সাজানো হচ্ছে ‘মিউজিক মোড’ (Music Mode)। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের প্রিয় শিল্পী (Artist) এবং গান (Song) শেয়ার করতে পারবেন। ফলে মিউজিকের মিল থেকেই শুরু হতে পারে নতুন আলাপ। সংস্থার দাবি, অনেক সময় সঙ্গীতের পছন্দ থেকেই সহজে কথাবার্তা শুরু করা যায়।
তবে শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকছে না টিন্ডার। বাস্তব জীবনে মানুষকে একত্রিত করতেও উদ্যোগ নিচ্ছে সংস্থা। শুরু হচ্ছে অফলাইন ইভেন্ট (In-person Event)। প্রথম পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) আয়োজন করা হবে এই কর্মসূচি। সেখানে টিন্ডার ব্যবহারকারীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
এই ইভেন্টগুলির মধ্যে থাকবে ট্রিভিয়া নাইট (Trivia Night), পটারি কর্মশালা (Pottery Workshop)-সহ নানা ধরনের কার্যকলাপ। এর মাধ্যমে একই আগ্রহের মানুষদের মধ্যে পরিচয় তৈরি হবে বলে আশা সংস্থার।
এছাড়াও আগামী বসন্তে লাইভ ভিডিও স্পিড ডেটিং (Live Video Speed Dating) পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনাও রয়েছে। এতে অনলাইনে মুখোমুখি আলাপের সুযোগ মিলবে, যা নতুনভাবে ডেটিংয়ের অভিজ্ঞতা দিতে পারে।
ব্যবহারকারীদের প্রোফাইলেও আসছে পরিবর্তন। ‘টিন্ডার কানেক্ট’ (Tinder Connect) নামে নতুন ফিচারের মাধ্যমে অন্য অ্যাপের (App) সঙ্গে প্রোফাইল যুক্ত করা যাবে। যেমন স্পটিফাই (Spotify), ডুয়োলিঙ্গো (Duolingo) বা বেলি (Beli)। এর ফলে মিউজিক, ভাষা শেখা, খাবার বা ভ্রমণ সংক্রান্ত আগ্রহ সহজেই তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।
টিন্ডারের দাবি, এই পরিবর্তন মূলত তরুণ প্রজন্ম—বিশেষ করে জেন জেড (Gen Z)—এর ডেটিং প্রবণতাকে মাথায় রেখেই আনা হচ্ছে। এই প্রজন্ম নাকি আরও স্বাভাবিক, সামাজিক এবং চাপমুক্ত সম্পর্কের অভিজ্ঞতা খোঁজে। তাই সেই চাহিদা মেটাতেই ডেটিং অ্যাপকে নতুনভাবে সাজানোর পথে হাঁটছে টিন্ডার।