
শেষ আপডেট: 18 October 2023 18:28
দ্য ওয়াল ব্যুরো: আর ফ্রিতে ব্যবহার করা যাবে না এক্স হ্যান্ডেল! এখন থেকে ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে পোস্ট, কমেন্ট, লাইকের জন্য খসাতে হবে গ্যাঁটের কড়ি!
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখন থেকে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে ব্যবহারকারীদের দিতে হবে প্রতি মাসে ১ মার্কিন ডলারয় যা ভারতীয় মুদ্রায় প্রায় 84 টাকা। কনটেন্ট পোস্ট করা থেকে শুরু করে লাইক, রিপোস্ট কিংবা রিপ্লাই করা, সবকিছুর জন্যই এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের অর্থ ব্যয় করতে হবে।
আচমকা সাবস্ক্রিপশন কেন? সংস্থার তরফে জানানো হয়েছে, স্প্যামারদের প্ল্যাটফর্ম থেকে সরাতেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেলটি চালু করছে এক্স হ্যান্ডেল। থাকছে এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনও। এজন্য আবার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। বিনিময়ে ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি ব্লু চেকমার্ক বা ব্লু টিক দেওয়া হয়। যা সাধারণ অ্যাকাউন্ট থেকে সম্ভব হয় না।
এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীকে প্রতি মাসে ৯০০ টাকা ব্যয় করতে হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রেই খরচ একই। ওয়েবের জন্য প্রতি মাসে ব্যবহারকারীকে ব্যয় করতে হয় ৬৫০ টাকা। জানা গিয়েছে, এক্স হ্যান্ডেলে ভুয়ো তথ্য রুখতেই এবার সাবস্ক্রিপশন পদ্ধতি আনছে ইলন মাস্ক। আগামী দিনে এই সংক্রান্ত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে এক্স হ্যান্ডেল, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা।